আল সামাদ রুবেলঃ কিছুদিন বিরতির পর নাটকের জনপ্রিয় অভিনেতা জিতু আহসান আবারও অভিনয়ে ব্যস্ত হয়েছেন। তবে একখণ্ডের নাটকে অভিনয় করলেও ধারাবাহিক নাটকে তার উপস্থিতি অনেক কম। সর্বশেষ ২০২০ সালে অনিমেষ আইচের পরিচালনায় ‘এখানে কেউ থাকে না’ নামের একটি ধারাবাহিক নাটকে অভিনয় করেছিলেন। সেটি বিটিভিতে প্রচার হয়।
এরপর থেকে আর তাকে কোনো ধারাবাহিকে দেখা যায়নি। সম্প্রতি নতুন একটি দীর্ঘ ধারাবাহিক নাটকে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন জিতু। নাটকের নাম ‘তরী’। নির্মাণ করছেন মোস্তফা মনন। এটি প্রচার হবে গ্রিন টিভিতে। এ নাটকে অভিনয় প্রসঙ্গে জিতু আহসান বলেন, ‘গত তিন মাস ধরে এ নাটকে অভিনয়ের প্রস্তুতি নিচ্ছি।
এটি পরিকল্পিতভাবেই তৈরি হবে বলে জেনেছি। আমি আমার চরিত্রটিতে আত্মস্থ হওয়ার জন্যও অনেক সময় পেয়েছি। আশা করছি, নাটকটি দর্শকের ভালো লাগবে।’ জানা গেছে, আগামী মাস থেকেই এর শুটিং শুরু হবে।
এদিকে সম্প্রতি বিটিভির একটি একখণ্ডের নাটকে অভিনয় করেছেন এ অভিনেতা। মাহবুবা ফেরদৌসের প্রযোজনায় নাটকের নাম ‘অজানীত’। এটি শিগ্গির প্রচারে আসবে। পাশাপাশি ওটিটি প্ল্যাটফরমের একটি কাজও করেছেন এ অভিনেতা। ‘মাকাল’ নামের এ নাটকটি পরিচালনা করেছেন অনিমেষ আইচ।