মোবাইল অ্যাপলিকেশন বা প্রোগ্রামের মাধ্যমে দেশি বিদেশি টিভি চ্যানেল অবৈধভাবে সম্প্রচারের অভিযোগে করা মামলায় একজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগ।
গ্রেফতারকৃতের নাম- মোঃ তাওহিদুল ইসলাম সবুজ। গ্রেফতারের সময় তার হেফাজত হতে ১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
গ্রেফতার অভিযানে নেতৃত্ব দেয়া সিটি ইন্টেল টিমের সহকারী পুলিশ কমিশনার মোঃ আরিফুল হোসেইন তুহিন জানান, বেক্সিমকো কমিউনিকেশনস লিমিটেড এর একজন কর্মী গত ২ জুন ২০২২ তারিখে গুলশান থানায় একটি মামলা দায়ের করেন। মামলার এজাহারে অভিযোগ করা হয়, জনৈক সবুজ STREAM TV নামের মোবাইল অ্যাপ দিয়ে বিভিন্ন দেশি বিদেশী টিভি চ্যানেল সম্প্রচার করছে। তাছাড়াও কোন প্রকার অনুমতি ছাড়াই বেক্সিমকো কমিউনিকেশনস লিমিটেডের “আকাশ” ব্র্যান্ডের লোগো ব্যবহার করে Akash D2H নামে আরও একটি অ্যাপ তৈরি করেছে।
তিনি বলেন, মামলাটি তদন্তের দায়িত্ব পায় সিটি ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগ। মামলাটি তদন্তকালে প্রযুক্তির সহায়তায় STREAM TV ও Akash D2H মোবাইল অ্যাপ্লিকেশন এর ডেভেলপার মোঃ তাওহিদুল ইসলাম সবুজ এর অবস্থান শনাক্ত করা হয়। বৃহস্পতিবার (২৮ জুলাই ২০২২) নোয়াখালী জেলার হাতিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
সিটিটিসির এ কর্মকর্তা বলেন, গ্রেফতারকৃত সবুজ Akash d2h.apk, dish tv, STREAM TV ও Hello BD live tv নামের মোবাইল অ্যাপ্লিকেশন তৈরি করে বিভিন্ন দেশি বিদেশি টিভি চানেল সম্প্রচার করতো। এর মধ্যে dish tv apk অ্যাপ্লিকেশনটি ছিল পেইড অ্যাপ। মাসিক সাবস্ক্রিপশন ফি ও গুগল অ্যাডসেন্স বিজ্ঞাপন প্রচারের মাধ্যমে টাকা আয় করতো। সবুজ তার প্রস্তুতকৃত অ্যাপগুলো ফেইসবুক, টেলিগ্রামে ও ইমোর মাধ্যমে বিপণন করতো। তাছাড়াও সে নিজেকে হোয়াইট হ্যাকার টিম মেম্বার, আপস্ট্রিম টিভি ডেভেলপার, এ্যাথিকাল হ্যাকার, অ্যাপস ডেভেলপার ইত্যাদি নামে পরিচয় দিতো। সবুজ BDfanpage & m3uin নামে একটি টেলিগ্রাম চ্যানেল চালাতো। উক্ত টেলিগ্রাম চ্যানেলে তার প্রস্তুতকৃত অ্যাপ্লিকেশনগুলোর আপডেট প্রদান করতো।
গ্রেফতারকৃত সবুজকে গুলশান থানায় রুজুকৃত মামলায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।