চট্টগ্রামের জিইসি এলাকায় রিকশা থেকে নামিয়ে ১ নারীকে ধর্ষণের ঘটনায় আটক ৩ যুবককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। সোমবার নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ কুমার চাকমা বলেন, ওই নারী রিকশায় করে নগরীর জিইসি মোড় থেকে বায়েজিদ বোস্তামী এলাকায় বাসায় ফেরার পথে জিইসি বাটা গলি এলাকায় ফ্লাইওভারের নিচে পৌঁছালে কয়েকজন যুবক রিকশার গতিরোধ করেন। পরে তাকে রিকশা থেকে নামিয়ে ফ্লাইওভারের নিচে নিয়ে ধর্ষণ করে।
পুলিশ আরো জানায়, এ সময় রিকশাচালক ট্রিপল নাইনে ফোন করে জানালে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে নির্যাতিতাকে উদ্ধার করে। ভুক্তভোগী নারী চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় তিনি বাদী হয়ে খুলশী থানায় মামলা দায়ের করেন।