আল সামাদ রুবেলঃ বিশ্বের বৃহত্তম নাচের প্যারেডে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশের নাচের দল তুরঙ্গমী। আগামী ৮-১১ জুলাই দক্ষিণ কোরিয়ার দেগুই শহরে বসবে ‘দেগুই কালারফুল ফেস্টিভ্যাল’ নামের এই আসর। এর মাধ্যমে কোরিয়া সরকারের আয়োজনে এই উৎসবে প্রথমবারের মতো আমন্ত্রণ পেলো বাংলাদেশ। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তুরঙ্গমী’র আর্টিস্টিক ডিরেক্টর-নৃত্যশিল্পী পূজা সেনগুপ্ত। তিনি জানান, আগামী ৫ জুলাই দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের উদ্দেশে যাত্রা করবে তুরঙ্গমী। পূজা সেনগুপ্ত’র নেতৃত্বে ১০ সদস্যের টিম সেখানে যাবে। উৎসবে দলটির দুটি প্রযোজনায় অংশ নেবেন তারা। এগুলো হলো- পাঁচফোড়ন ও নন্দিনী। দৈর্ঘ্য যথাক্রমে ১০ এবং ৫ মিনিট। দুটির ভাবনা, নকশা, নৃত্যনির্মাণ ও নির্দেশনা দিয়েছেন পূজা সেনগুপ্ত।
এদিকে চলতি বছরের এপ্রিলে ফিলিপাইনের রাজধানী ম্যানিলাতে ইউনেস্কো, আইটিআই এবং ফিলিপাইন সরকারের পৃষ্ঠপোষকতায় আয়োজিত ‘এসডিজি রেসিলি-আর্ট ফেস্টিভ্যাল ২০২২’ এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন পূজা সেনগুপ্ত। কাজ করছেন পদ্মা সেতু নিয়ে আয়োজিত সপ্তাহব্যাপী অনুষ্ঠানেও।