মহাখালীর ডিএনসিসি মার্কেটে আগামী সপ্তাহে ২০০ শয্যার আইসিইউ চালু হবে। পাশাপাশি সেখানে ১ হাজার ১৫০ শয্যার আইসোলেশন সেন্টার থাকবে।
গত বছর দেশে করোনা সংক্রমণ শুরুর পর থেকে অক্সিজেন সিলিন্ডার, প্লাজমা, চিকিৎসকের পরামর্শ পেতে সহায়তা করছে ‘সংযোগ: কানেকটিং পিপল’ নামের ফেসবুক গ্রুপটি। সংযোগের উদ্যোক্তাদের একজন আহমেদ জাবেদ জামাল বলেন, এখন আইসিইউর চাহিদা অকল্পনীয়ভাবে বেড়েছে।
গত বছরের ২ জুন একনেকের সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিটি জেলা হাসপাতালে আইসিইউ ইউনিট স্থাপনের নির্দেশ দেন। কিন্তু এক বছরেও দেশের অধিকাংশ জেলা হাসপাতালে আইসিইউ ইউনিট স্থাপন করা যায়নি। বরিশাল বিভাগের ছয়টি জেলার সব কটিতেই নতুন রোগী শনাক্ত বাড়ছে। অথচ বরিশাল বিভাগের শুধু বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ১২টি আইসিইউ শয্যা রয়েছে। হাসপাতালের চিকিৎসকেরা বলছেন, অন্য জেলার জটিল রোগীরাও এই হাসপাতালে আসছেন। কখনোই আইসিইউ ফাঁকা থাকছে না।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও কোভিড-১৯ বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সদস্য নজরুল ইসলাম বলেন, গত এক বছর করোনা রোগীদের চিকিৎসার বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় একেবারেই মনোযোগ দেয়নি। স্বাস্থ্য মন্ত্রণালয়ের কার্যক্রমে যথেষ্ট ঘাটতি ছিল। যথেষ্ট সময় পাওয়ার পরও পর্যাপ্ত আইসিইউর ব্যবস্থা করা যায়নি। এখন সংক্রমণ বেড়ে যাওয়ায় পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে।