গাজীপুরে ডাকাত সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছেন স্থানীয় লোকজন। শনিবার (৫ আগস্ট) দিবাগত রাতে সদর থানাধীন মজলিশপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম আসাদ উদ্দিন মোল্লা (৬৫)। তিনি কুড়িগ্রামের রাজারহাট উপজেলার কালুয়ার চর গ্রামের বাসিন্দা ছিলেন।
স্থানীয় লোকজন ও পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, গাজীপুর মহানগরীর কড্ডা এলাকা থেকে শনিবার দিবাগত রাতে নৌকা নিয়ে মাছ ধরতে ধরতে কারখানা বাজারের দিকে যাচ্ছিলেন আসাদ উদ্দিন মোল্লা।
তাঁর ছোট নৌকাটি মজলিশপুর এলাকায় পৌঁছালে স্থানীয় কয়েকজন দেখতে পান। এ সময় স্থানীয় ব্যক্তিরা তাঁকে নৌকাটি থামাতে বলেন। তুরাগ নদে কিছুটা স্রোত থাকায় নৌকা থামাতে সময় লেগে যায়।
এ সময়ে তাঁরা ‘ডাকাত, ডাকাত’ বলে চিৎকার করতে থাকেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ইঞ্জিনচালিত নৌকা আসাদ উদ্দিনের নৌকায় উঠে যায়। এতে আসাদের নৌকাটি ডুবে যায়। পরে লোকজন আসাদ উদ্দিনকে ধরে ওপরে উঠিয়ে নিয়ে পিটুনি দেন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
গাজীপুর সদর মেট্রো থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন বলেন, খবর পেয়ে রাতেই গাজীপুর সদর থানার পুলিশ নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজের মর্গে পাঠায়।
-ইউএনবি নিউজ