সবুজবাগ থেকে ৭ হাজার ৫০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা-গুলশান বিভাগ। গ্রেফতারকৃতরা হলো- উম্মে হাবিবা ও ছেনু আরা বেগম।
বুধবার (২৮ ডিসেম্বর ২০২২ খ্রি.) দিবাগত রাত ১২:৫০ টায় সবুজবাগ থানার বৌদ্ধ মহা বিহার মন্দির এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে গোয়েন্দা-গুলশান বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিম।
অভিযানে নেতৃত্ব দেয়া গোয়েন্দা-গুলশান বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিমের সহকারী পুলিশ কমিশনার জ্যোতির্ময় সাহা জানান, কতিপয় মাদক কারবারি সবুজবাগ থানার বৌদ্ধ মহা বিহার মন্দির এলাকায় মাদক বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় হাবিবা ও ছেনুকে ৭ হাজার ৫০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে সবুজবাগ থানায় মামলা দায়ের করা হয়েছে।
গ্রেফতারকৃতরা কক্সবাজারের সীমান্ত এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে বিক্রয়ের জন্য ঢাকায় এনেছিলো মর্মে জানান গোয়েন্দা এ কর্মকর্তা।
গ্রেফতারকৃতদের সবুজবাগ থানার রুজুকৃত মামলায় বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।