শুক্রবার ভোর রাত ৪টার দিকে কক্সবাজারের টেকনাফ রোহিঙ্গা ক্যাম্প থেকে মাটি খুঁড়ে গর্ত থেকে নগদ ২০ লাখ বাংলাদেশী টাকা উদ্ধার করেছে এপিবিএন সদস্যরা। এসময় নূর বারেক (২৫) নামের এক রোহিঙ্গা যুবককে আটক করা হয়।
এদিন সন্ধ্যায় এক ক্ষুদে বার্তায় রোহিঙ্গা ক্যাম্পে নিয়োজিত ১৬নং আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)-এর অধিনায়ক মো. তারিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে এপিবিএনের সদস্যরা ক্যাম্পের ওই এলাকায় অভিযান চালান। এসময় এপিবিএন সদস্যরা ঘটনাস্থলে পৌঁছলে পুলিশের উপস্থিতি টের পেয়ে হাজী সুলতান নামের এক রোহিঙ্গা পালিয়ে যায়। পরে সুলতানের ঘর তল্লাশী করে রোহিঙ্গা নূর বারেক (২৫) নামের রোহিঙ্গা যুবকের দেখানো মতে মাটির গর্তে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা একটি প্লাস্টিকের ড্রামের ভিতর তল্লাশী করে নগদ বিশ লক্ষ টাকা উদ্ধার করা হয় এবং রোহিঙ্গা যুবক নূর বারেককে আটক করা হয়।