আসাদুজ্জামান মাসুদঃ ঢাকার রামপুরা কাঁচাবাজার এলাকায় ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহতের নাম মো. রইচ উদ্দিন (৪৪),এ ঘটনায় ট্রাকের চালক মো. আলিম (৪২) ও হেলপার আল আমিনকে (২৬) আটক করা হয়েছে।
রইচ উদ্দিন নরসিংদী জেলার কাঁচারাকান্দি এলাকার বাসিন্দা,সে স্কয়ার কোম্পানিতে মেডিকেল এসআর হিসেবে চাকরি করতেন বলে জানায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ওসি) মো. বাচ্চু মিয়া।
হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) মিনহাজ উদ্দিন জানান, সোমবার রাত সাড়ে ১১টার দিকে হাতিরঝিল থানাধীন রামপুরা কাঁচাবাজার এলাকায় একটি ট্রাক মোটরসাইকেল আরোহী রইচ উদ্দিনকে ধাক্কা দিলে তিনি ছিটকে পরে গুরুতর আহত হন।
রইচ উদ্দিনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে রাত ১টার দিকে কর্তব্যরত চিকিৎসক রইচ উদ্দিনকে
মৃত ঘোষণা করেন। নিহতের মরদেহ ঢামেক হাসপাতালের মর্গে রাখা আছে।
হাতিরঝিল থানার ওসি (তদন্ত) মেজবাহ উদ্দিন জানান, এ ঘটনায় ট্রাকের চালক আলিম ও হেলপার আমিনকে আটক করা হয়েছে এবং ট্রাকটি জব্দ করে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।
এ বিষয়ে একটি মামলা দায়ের করা হয়েছে।