দিলীপ কুমার দাস, নিজস্ব প্রতিবেদকঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নের পনাশাইল গ্রামে দারুল উলুম হোসাইনিয়া মাদ্রাসায় বজ্রপাতে দুই মাদ্রাসা ছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুর দেড়টায়। নিহতরা হলেন,পনাশাইল গ্রামের আজহারুল ইসলামের মেয়ে মানসুরা আক্তার মিম (৭) ও মোহনা গ্রামের সোহাগ মিয়ার মেয়ে রাবেয়া আক্তার মারুয়া (৯)।
সূত্রে জানা যায়, ঘটনার সময় মাদ্রাসার শিক্ষক ও ছাত্ররা মসজিদের জোহরের নামাজ আদায় করছিলেন এবং ছাত্রীরা মাদ্রাসার বারান্দায় বসে ছিল। এ সময় আকাশে বিজলী চমকাচ্ছিল। হঠাৎ মাদ্রাসার মাঠে বজ্রপাত হয়ে মাদ্রাসার হাফেজী পড়ুয়া ছাত্রী রাবেয়া আক্তার মারুফা ও নাজরানা পড়ুয়া ছাত্রী মানসুরা আক্তার মিম গুরুতর আহত হয়। আহতদের উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।
রাজৈ ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম বাদশা বজ্রপাতের ২ শিক্ষার্থীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডা.সাদিয়া তাসমিম জানান, বজ্রপাতে নিহত দুই ছাত্রীকে হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালে নিয়ে আসার পূর্বেই তারা মারা যায়। ভালুকা মডেল থানার ওসি কামাল হোসেন জানান, বজ্রপাতে দুই শিক্ষার্থী মৃত্যুর ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি।