বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এক কিশোরী অভিযোগ করেছেন, সিলেটে তার মা তাকে জোর করে বিয়ে দেয়ার চেষ্টা করছেন এবং সেজন্য তিনি তার মায়ের বাড়ি থেকে অন্য জায়গায় আত্নগোপনে গেছেন।
টেলিফোনে ঐ কিশোরী বিবিসি বাংলাকে বলেছেন, জোরপূর্বক বিয়ে থেকে বাঁচতে তিনি পালিয়ে বেড়াচ্ছেন এবং ঢাকায় ব্রিটিশ হাইকমিশনসহ বিভিন্ন পর্যায়ে যোগাযোগ করে তিনি এ ব্যাপারে সহযোগিতা চেয়েছেন।
এদিকে তার মা মেয়ে নিখোঁজ হয়েছে বলে অভিযোগ তুলে স্থানীয় থানা পুলিশের কাছে সাধারণ ডায়েরি বা জিডি করেছেন।
পুলিশ সেই জিডির অভিযোগ তদন্ত করছে বলে জানিয়েছে।
ব্রিটেনে বাংলাদেশি বংশোদ্ভূত কম্যুনিটিতে মেয়েদের জোর করে বিয়ে দেয়ার প্রবণতার বিরুদ্ধে আন্দোলন করেন, এমন একজন মানবাধিকারকর্মী আকলিমা বিবি বলেছেন, ঐ কিশোরীর নিরাপত্তার জন্য ঢাকায় ব্রিটিশ দূতাবাসের সাথে যোগাযোগ করা হচ্ছে।