দিলীপ কুমার দাস, নিজস্ব প্রতিবেদকঃ কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার জামালপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় মিজানুর রহমান মিন্টু (৩৩) নামে মোটরসাইকেলের আরোহী এক ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহত মিন্টু কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার তারাগুনিয়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। তিনি পেশায় একজন ব্যবসায়ী ছিলেন বলে জানা গেছে। বুধবার (১৮ মে) দুপুর ২টার দিকে মঠখোলা-থানাঘাট সড়কে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, দুপুরের দিকে ব্যবসায়িক কাজে উপজেলার মঠখোলা বাজার থেকে মোটরসাইকেলে চালিয়ে থানাঘাটের দিকে যাচ্ছিলেন মিন্টু। পথে জামালপুর এলাকায় সিএনজিচালিত একটি অটোরিকশার সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি ধাক্কা লাগে। এতে গুরুতর আহত হন মিন্টু।
স্থানীয়রা তাকে উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সারোয়ার জাহান বিষয়টি নিশ্চিত করেছেন।