বিনোদন প্রতিবেদক,আল সামাদ রুবেলঃ অভিনয়ের পাশাপাশি নিয়মিত নাটকও পরিচালনা করেন জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান। ধারাবাহিক নাটক নির্মাণ এবং অভিনয় ব্যস্ততার কারণে অনেকদিন একক নাটক নির্মাণ করা থেকে বিরত ছিলেন তিনি। সেই বিরতি ভাঙলেন সম্প্রতি। আগামী ঈদের জন্য দুটি একক নাটক ও একটি টেলিফিল্ম পরিচালনা করেছেন এ অভিনেতা।
কিছুদিন আগে এগুলোর শুটিং সম্পন্ন হয়েছে। এর মধ্যে ‘একটু প্রেম হবে’ নামে টেলিফিল্ম ও ‘দূরত্ব বজায় রাখুন’ নামে একটি একক নাটক ঈদে বাংলাভিশনে প্রচার হবে। ‘লাইভ লাভলু’ নামের অপর একক নাটকটি এটিএন বাংলায় প্রচার হবে।
এ প্রসঙ্গে জাহিদ হাসান গণমাধ্যমকে বলেন, অভিনয় যেমন ভালো লাগে, নাটক পরিচালনাও তেমনই পছন্দ করি। করোনার এ সময়টায় কাজ করার যে সুযোগ পেয়েছি তার বেশিরভাগই অভিনয়ে ব্যয় করতে হয়েছে। তা ছাড়া নতুন ধারাবাহিক নাটক নির্মাণেও বেশি ব্যস্ত ছিলাম।
ইদানীং সেসব ব্যস্ততা কিছুটা কমেছে। তাই একক নাটক পরিচালনায় ফিরেছি। অন্যদিকে জাহিদ হাসানের পরিচালনায় নির্মিত দুটি ধারাবাহিক নাটকের প্রচার শেষ হয়েছে সম্প্রতি। আগামী ঈদের জন্য নির্মিত কয়েকটি নাটকে অভিনয়ও করেছেন বলে জানিয়েছেন তিনি।
Leave a Reply