অধিকাংশ সমীক্ষায় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে এগিয়ে জো বাইডেন। সেই আঁচে কি এ বার হাত পোড়ালেন ডোনাল্ড ট্রাম্প নিজেও ? মার্কিন প্রেসিডেন্টের মুখে শোনা গেল হারের কথা। বলে বসলেন, হেরে গেলে তাঁকে দেশ ছাড়তে হতে পারে। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ইতিহাসে সবচেয়ে খারাপ’ প্রার্থী বলে বাইডেনকে উল্লেখ করে অবশ্য আক্রমণের ঝাঁঝ বিন্দুমাত্র কমাননি ট্রাম্প। প্রতিপক্ষের প্রার্থী বাইডেন যদিও প্রচারে হাতিয়ার করেছেন করোনা রোধে সরকারের ব্যর্থতাকেই।
শনিবার ট্রাম্পের প্রচার কর্মসূচি ছিল ফ্লোরিডা এবং জর্জিয়াতে। কয়েক দিন আগে ট্রাম্পের সঙ্গে সামনাসামনি বিতর্কে তাঁকে ডাহা মিথ্যুক বলে কটাক্ষ করেছিলেন বাইডেন। জবাবে ট্রাম্প এ দিন বাইডেনকে ‘অপরাধী’বলে পাল্টা খোঁচা দিয়েছেন। ‘অপরাধী’ বলে দেগে দিয়েছেন বাইডেনের পুরো পরিবারকেই।