বিনা কারণে শিকল টেনে ট্রেন থামানোর জরিমানা ২০০ টাকা থেকে বাড়িয়ে দুই হাজার টাকা করা হচ্ছে। এ সংক্রান্ত বিদ্যমান আইন সংশোধন করার উদ্যোগ নিয়েছে সরকার।
বুধবার জাতীয় সংসদের প্রশ্নোত্তরে রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন এ তথ্য জানান। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠকে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপন করা হয়।
আওয়ামী লীগের সংসদ সদস্য মামুনুর রশীদ কিরনের প্রশ্নের জবাবে রেল আইন সংশোধনের উদ্যোগের কথা জানিয়ে রেলমন্ত্রী বলেন, রানিং ট্রেনে হোস পাইপ বিচ্ছিন্ন এবং শিকল টেনে ট্রেন থামানো প্রতিরোধকল্পে বিভিন্ন ট্রেনে টাস্কফোর্সের মাধ্যমে চেকিং কার্যক্রম অব্যাহত আছে। ট্রেনে চেন টানার শাস্তি হিসেবে বর্তমানে ২০০ টাকা অর্থদণ্ডের বিধান রয়েছে। এ ধারা সংশোধনী এনে ইচ্ছাকৃতভাবে বা আইনগত কারণ ছাড়া চেন টেনে সুবিধাজনক স্থানে ট্রেন থামালে অনূর্ধ্ব এক মাসের কারাদণ্ড বা অনধিক দুই হাজার টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন।










