মুন্সীগঞ্জের আনুমানিক ১৬ বছরের অজ্ঞাত এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার বেলা ৪ টায় সদর উপজেলার চর মুক্তারপুর এলাকার একটি ভাড়া বাড়ির তালাবন্ধ ঘর থেকে ওই কিশোরের লাশ উদ্ধার করা হয়। হত্যার অভিযোগে সাজ্জাদ হোসেন নামের ১৫ বছরের আরেক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত সাজ্জাদের বাড়ি বগুড়া জেলায়, সে প্রায় ২ মাস আগে এই এলাকায় রঙমিস্ত্রির কাজ শুরু করে।
অপরদিকে, নিহত কিশোরের পরিচয় এখন পর্যন্ত শনাক্ত করা যায়নি। নিহত কিশোরকে এর আগে এলাকাবাসী কখনোই দেখেনি। তবে নিহতের পরিচয় নিশ্চিত করতে অভিযুক্ত সাজ্জাদকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
প্রতিবেশীরা জানায়, ঘড়টিতে স্থানীয় বিভিন্ন কারখানায় কর্মরত শ্রমিক সাজ্জাদ হোসেন, নজরুল ইসলাম, জহিরুল ইসলাম, ইমরান শেখ ভাড়া থাকতেন। রবিবার সকালে সাজ্জাদ ছাড়া বাকিরা কাজের উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে যায়। পরে ঘরের ভেতর থেকে রক্ত আসতে দেখে প্রতিবেশীরা লাশটি দেখতে পায়। লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দিলে সিআইডির ক্রাইম সিন ইউনিটের একটি টিম এসে ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে।
ঘটনা জানাজানি হলে অভিযুক্ত সাজ্জাদের পরনের কাপরে রক্ত দেখতে পেয়ে স্থানীয়রা জিজ্ঞাসাবাদ করলে সে জানায়, সিগারেট না দেয়ায় সে ওই কিশোরকে কুপিয়ে হত্যা করেছে।
এই ঘটনায় মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেকুজ্জামান জানান, ১১ টার দিকে আমরা ঘটনাটি জানতে পারি। ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করি। ঢাকা থেকে সিআইডির ক্রাই মসিনের টিম ঘটনাটি তদন্ত করছে। লাশ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হবে।