মো.সুমন মিয়া/আনা ক্রিস্টিনা মার্টিনস/যুক্তরাষ্ট্র থেকেঃ
যুক্তরাষ্ট্রের নিউজার্সির ভারতীয় অধ্যুষিত আইসেলিনে শুক্রবার সন্ধায় প্রকাশ্যে একটি সোনার দোকানে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। গুজরাটি মালিকানাধীন ওই দোকান থেকে ডাকাতরা মাত্র এক মিনিটে প্রায় এক মিলিয়ন ডলারের স্বর্লালঙ্কার নিয়ে গেছে। ডাকাতদের হামলায় দোকানের মালিক আহত হয়েছেন। ডাকাতির ঘটনার সিসিটিভি ফুটেজ সামজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে। এত কম সময়ে বিপুল স্বর্ণালঙ্কর লুট করার ঘটনা যেন সিনেমাকেও হার মানিয়েছে। জানা গেছে, শুক্রবার সন্ধ্যা পৌণে ৮টার দিকে নিউজার্সির আইসেলিনের ওক ট্রি রোডে ভিরানি জুয়েলার্সে ডাকাতির ঘটনা ঘটে। সোনার দোকানটি বন্ধ হওয়ার ঠিক আগ মুহূর্তে মুখোশ এবং গ্লাভস পরা সশস্ত্র ডাকাত দল সামনের দরজা দিয়ে ভেতরে ঢুকে পড়ে। ওই দোকানের একজন কর্মচারি বাইরে থেকে ভেতরে প্রবেশ করার সময় তাকে আগে থেকে অনুসরণ করে ডাকাত দল। এরপর মালিকসহ তিনজনকে জিম্মি করে চোখের পলকে হাতুড়ি দিয়ে শোকেসের সব গ্লাস ভেঙে স্বর্ণালঙ্কার নিয়ে যায়। পুলিশ পৌঁছানোর আগেই ডাকাতরা নির্বিঘ্নে পালিয়ে যায়। পুরো ডাকাতি শেষ করতে এক মিনিটেরও কম সময় লাগে। চুরি হওয়া পণ্যের মূল্য এখনও নির্ধারণ করা হয়নি। তবে ব্যবসার মালিক প্রাথমিকভাবে ধারণা করছেন যে চোরেরা এক মিলিয়নেরও বেশি স্বর্ণালঙ্কার নিয়ে গেছে। আশেপাশের এলাকায় কমপক্ষে ১০ থেকে ১৫টি সোনার দোকান রয়েছে। ডাকাতির ঘটনাটি সিসিটিভিতে ধরা পড়েছে। এতে সোনার দোকানের সামনে মালিক ও আরো একজনকে বসে থাকতে দেখা যায়। তখন কেউ একজন দোকানে প্রবেশ করে। কালো পোশাক পরা ডাকাতরা তার পেছনে বন্দুক নিয়ে দোকানে ঢুকে পড়ে। ঢোকার সাথে সাথেই তারা লুটপাট শুরু করে। তারা স্বর্ণালঙ্কারগুলো ব্যাগে ভরে নিয়ে চলে যায়। হাতে আগ্নেয়াস্ত্র থাকলেও ডাকাতরা কাউকে গুলি করেনি। ডাকাতির ঘটনায় গুজরাটি ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। ডাকাতদের ধরতে পুলিশ অভিযান শুরু করেছে।