সিরাজগঞ্জ প্রতিনিধিঃ চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ভদ্রঘাট ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের নবনির্বাচিত মেম্বার এর বিরুদ্ধে প্রতিপক্ষ প্রার্থীর এজেন্টকে পেটানোর অভিযোগ উঠেছে। এ বিষয়ে গত সোমবার (২৭ ডিসেম্বর) বিকেলে লাবু শেখ নামে এক আহত যুবক কামারখন্দ থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। লাবু শেখ কামারখন্দ উপজেলার ভদ্রঘাট ইউনিয়নের ছোট ধোপাকান্দি গ্রামের মৃত কুরমান শেখের ছেলে। তিনি ৮নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী মো. রুহুল আমিনের (ফুটবল) এজেন্ট ছিলেন। অভিযোগ সূত্রে জানা যায়, নির্বাচনকে কেন্দ্র করে নব নির্বাচিত মেম্বর (তালা প্রতীক) আব্দুল্লাহ আল মারুফের নেতৃত্বে কিছু উশৃঙ্খল দাঙ্গাবাজ লোক গত সোমবার সকাল ১১.৫০ দিকে প্রতিপক্ষ প্রার্থীর এজেন্টের বাড়িতে প্রবেশ করে, কাঠের বাটাম লাঠিসোটা দিয়ে পেটানো শুরু করেন লাবু শেখ কে এ সময় তার চিৎকারে স্থানীয় লোকজন তাকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরাজিত প্রার্থী সাবেক মেম্বার (ফুটবল প্রতীকের) রুহুল আমিন বলেন, রোববারের (২৬ ডিসেম্বর) নির্বাচনে নান্দিনা কামালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আমার ফুটবল প্রতীকের এজেন্ট ছিলেন লাবু শেখ। আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী আব্দুল্লাহ আল মারুফ ও তার সমর্থকেরা ভোটকেন্দ্রেই তাকে হুমকি দেয়। নির্বাচনে তারা জয়লাভ করার পর সোমবার দুপুরে তার সন্ত্রাসী বাহিনী নিয়ে আমার এজেন্টের বাড়িতে প্রবেশ করে তাকে মারধর করে। এদিকে এ বিষয়ে নব নির্বাচিত ইউপি সদস্য আব্দুল্লাহ আল মারুফের সাথে বেশ কয়েকবার মুঠোফোনে যোগাযোগ করে তাকে পাওয়া যায়নি। কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুল্লাহ জানান, এ ব্যাপারে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ঘটনার পরপরই তদন্ত কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।