উত্তর কোরিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে যে তারা একটি বিমান- বিধ্বংসী ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে। বলা হচ্ছে, নতুন ক্ষেপণাস্ত্র প্রযুক্তি ব্যবহার করে সেপ্টেম্বর মাসে তারা এই চতুর্থ পরীক্ষা চালিয়েছে।
দ্য কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি “নতুন তৈরি বিমান-বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের” একটি মাত্র ছবি পোস্ট করেছে। বৃহস্পতিবার অঘোষিত স্থান থেকে একটি চলমান যান থেকে এই ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে।
ক্ষেপণাস্ত্র বিশ্লেষকরা বলছেন যে পরীক্ষাটি তূলনামূলক ভাবে ছোটখাট অগ্রগতির লক্ষণ বলে মনে হচ্ছে। তাদের মতে, এটি ছিল উত্তর কোরিয়ার দ্রুত আধুনিকীকরণ এবং তার ক্ষেপণাস্ত্র বহর দেখানোর একটা ব্যাপক কৌশলের অংশ।
কার্নেগি এন্ডাওমেন্ট ফর ইন্টারন্যাশনাল পিসের পারমাণবিক নীতি বিষয়ক বিশেষজ্ঞ অঙ্কিত পাণ্ডে বলেন, “মনে হচ্ছে তারা বলতে চাইছে যে ভূমি থেকে আকাশে ছোড়া এই নতুন ক্ষেপণাস্ত্রটি পঙ্গি-৫ (Pongae-5) ক্ষেপনাস্ত্রের চাইতে আরও বেশি শক্তিশালী। পঙ্গি-৫ ক্ষেপনাস্ত্রে কিছু সমস্যা ছিল।
উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম পঙ্গি-৫ ‘এর মধ্যে “কিছু ত্রুটি” আছে বলে প্রথমে জানিয়েছিল কিন্তু তা কাটিয়ে ওঠে ২০১৭ সালে তারা এটিকে কার্যক্ষম বলে ঘোষণা করে। এই ক্ষেপনাস্ত্র একটি কল্পিত যুদ্ধের সময় দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের বিমানের প্রতি চ্যালেঞ্জ হিসেবে কাজ করছে।