সোহেল রানা নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁর সাপাহারে ট্রলির ধাক্কায় এক সাইকেল আরোহী অনিল রবিদাস (৩৫) নিহত হয়েছেন। আজ সকালে উপজেলার সাপাহার-আগ্রাদ্বিগুন রাস্তার চৌধুরী পাড়া মোড়ে এই ঘটনাটি ঘটে। ঘটনার পর ট্রলি টালক সোহেল রানাকে ও ট্রলিটিকে থানা পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। নিহত অনিল রবিদাস পাশ^বর্তী পত্নীতলা উপজেলার গোবিন্দবাটি গ্রামের নালু রবিদাসের ছেলে। ট্রলি চালক সোহেল রানার উপজেলার মানিকুড়া উত্তর পাড়ার আবুলের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুুলিশ সূত্রে জানা গেছে, সকালে অনিল নিজ বাড়ি থেকে সাইকেল যোগে সাপাহার সদরে যাওয়ার জন্য রওনা দেন। পথের মধ্যে সাপাহারের চৌধুরীপাড়া মোড়ের অনিল পৌঁছলে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রলি ধাক্কা দেয়। এতে অনিল ঘটনা স্থলেই জ্ঞান হারিয়ে ফেলেন।
স্থানীয় ইউপি সদস্য মিজানুর রহমান চৌধুরী জানান, এ সময় স্থানীয় লোকজন ঘাতক ট্রালি ও চালক সোহেল রানাকে পুলিশী হেফাজতে দেওয়া হয়েছে। দ্রুত অনিলকে সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকগণ তাকে মৃত ঘোষণা করেন।
সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেকুর রহমান সরকার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ট্রলি চালক সোহেল রানাকে আটক ও ট্রলিটি থানা হেফাজতে নেওয়া হয়েছে। এখন পর্যন্ত থানায় মামলা দায়ের করা হয়নি। মামলা দায়ের করা হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।