এইচ,আর,হিরু, গাইবান্ধাঃ গাইবান্ধায় সাদিয়া (১৮) নামে এক নববধুর রহস্যজনক মৃত্যু হয়েছে। সোমবার সকাল আটটার দিকে সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের তিনদহ পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সাদিয়া তিনদহ গ্রামের মৃত আব্দুস সালামের মেয়ে।
ঘটনা তদন্তকারী কর্মকর্তা এস আই জান্নাতি বলেন, মাত্র দু’দিন আগে নিহত সাদিয়ার বিয়ে হয় বাদিয়াখালি ইউনিয়নের রিফাইতপুর গ্রামের শাহাবুল ইসলামের ছেলে আবু তাহেরের সঙ্গে। গতকাল তাহের বউ নিয়ে শশুর বাড়ি তিনদহ গ্রামে আসেন।
আজ সকাল আটটার দিকে তাহের ঘরের বাইরে গেলে এসে দেখেন ঘরের দরজা দেয়া। পরে তার ভাবি ডাকাডাকি করলে তারা দেখতে পান বিছানার পাশেই ঘরের ধরণার সাথে ফাঁস দিয়েছে সাদিয়া।
এরপর দরজা ভেঙ্গে ঘরে ঢুকে সাদিয়াকে যখন নামানো হয়, তখনো সাদিয়ার প্রাণ ছিল। এসময় মুমূর্ষ সাদিয়াকে গাইবান্ধা জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে রামচন্দ্রপুর ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়েছিলাম।
সেখানে গিয়ে শুনলাম তাহেরের স্ত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। এই মুহূর্তে এর বেশি কিছু আমি বলতে পারব না।
তিনদহ গ্রামের ৯নং ওয়ার্ডের মেম্বার আব্দুর রাজ্জাক জানান, সকাল আটটার দিকে আমি তাদের বাসায় গিয়ে দেখি লাশ নিয়ে কান্নাকাটি করছে। কিভাবে, কি কারণে আত্মহত্যা করেছে তা আমাদের জানা নেই। ময়নাতদন্তের রিপোর্ট পেলে ঘটনার বিস্তারিত জানা যাবে।