রাজধানীর মগবাজার ওয়্যারলেস রেলগেট এলাকায় ট্রেনে কাটা পড়ে মাহমুদুল হাসান (৩১) নামের এক সরকারি কর্মচারীর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেল পৌনে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
আজ বৃহস্পতিবার রাতে বিষয়টি জানিয়েছেন ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) উপপরিদর্শক (এসআই) সেকেন্দার আলী।
সেকেন্দার আলী বলেন, ‘ট্রেনে কাটা পড়ার পর নিহতের বন্ধু ঘটনাস্থলে গিয়ে মরদেহ শনাক্ত করেন। মাহমুদুল হাসান রেললাইনের পাশে দাঁড়িয়ে চা খাচ্ছিলেন। এ সময় ট্রেনের ধাক্কায় পড়ে যান তিনি। পরে সেই ট্রেনেই কাটা পড়ে মারা যান।
এসআই সেকেন্দার জানান, মরদেহ পুলিশ হেফাজতে আছে। নিহতের স্বজনদের সঙ্গে কথা বলে বিস্তারিত জানার চেষ্টা করছি। মাহমুদুল লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জের মৃত আলমগীর হোসেনের ছেলে।