রাজধানীর কলাবাগান থানা এলাকায় একটি বাসায় ডেকে নিয়ে মাস্টারমাইন্ড স্কুলের ‘ও’ লেভেলের এক ছাত্রীকে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে আটক করেছে কলাবাগান থানা পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। নিহত ছাত্রীর নাম আনুশকাহ নূর (১৮)।
আটকের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) সাজ্জাদুর রহমান।
ওই ছাত্রীকে ধর্ষণের পর হত্যা করার অভিযোগ প্রসঙ্গে সাজ্জাদুর রহমান বলেন, ‘এ রকম একটি রিউমার আমাদের কাছেও আছে। তবে আমরা এখনো নিশ্চিত হতে পারিনি ধর্ষণের ব্যাপারে। ময়নাতদন্তের জন্য আমরা ওই ছাত্রীর মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছি। রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে এবং আমরা সে অনুযায়ী ব্যবস্থা নেব।
সাজ্জাদুর রহমান বলেন, ‘ধানমণ্ডির আনোয়ার খান মডার্ন হাসপাতাল থেকে আমাদের জানানো হলে আমরা গিয়ে লাশ উদ্ধার করি। সে সময় ওই ছাত্রীর সঙ্গে থাকা ওর বন্ধু দিহানকে আটক করি। পরে ওই হাসপাতালে দিহানের আরো তিন বন্ধু গেলে আমরা জিজ্ঞাসাবাদের জন্য তাদেরও আটক করি।
এ ব্যাপারে যোগাযোগ করা হলেও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্পের পক্ষ থেকে কিছুই জানাতে পারেনি।
আনুশকাহ নূরে মা বলেন, “আমার ভালো মেয়েকে পরীক্ষার সাজেশন দেওয়ার কথা বলে বাসায় ডেকে নিল ওর বন্ধুরা। পরে আমাকে ফোন করে বলে, ‘আন্টি আপনার মেয়ে জ্ঞান হারিয়ে পড়ে গেছে।
পরে ওর বন্ধুরা আনোয়ার খান মডার্ন হাসপাতালে নিয়ে যায়। তারপর আমাকে ফোন দিয়ে জানায়, ‘আন্টি ও মারা গেছে। হাসপাতালে গিয়ে দেখি ওর প্রচুর রক্তক্ষরণ হয়েছে। আমার ধারণা, মেয়েকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। বাকিটা তদন্ত করে পুলিশ ব্যবস্থা নেবে। আমি এর বিচার চাই। আমার মেয়ের এ বছর ও লেভেল পরীক্ষা দেওয়ার কথা ছিল।