আল সামাদ রুবেল,বিনোদন প্রতিবেদকঃ- সেগুনবাগিচার জাতীয় নাট্যশালার সামনে থেকে বের হয় ।’গ্রুপ থিয়েটার দিবস’ আনন্দ শোভাযাত্রা, আলোচনা ও নানা সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে উদযাপিত হয়েছে ‘ গ্রুপ থিয়েটার দিবস ’। এসব আয়োজনে দলীয় বিভেদ ও রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে নাট্যচর্চায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন নাট্যকর্মীরা। তারা বলেছেন, পারস্পরিক দূরত্ব ও বিভেদ ভুলে বেশি বেশি নাট্যচর্চার মধ্য দিয়েই গ্রুপ থিয়েটারকে এগিয়ে নিতে হবে।

‘নাটক হোক সত্য সুন্দরের দিশারি’ প্রতিপাদ্য নিয়ে রোববার (২৯ নভেম্বর) বিকাল সাড়ে ৪টায় সেগুনবাগিচার জাতীয় নাট্যশালার সামনে থেকে বের হয় আনন্দ শোভাযাত্রা। পরে নাট্যশালার পরীক্ষণ থিয়েটার মিলনায়তনে শুরু হয় আলোচনা ও গান এবং নৃত্য পরিবেশনার পর্ব।
শনিবার গ্রুপ থিয়েটার থেকে জানানো হয়েছিলো- আয়োজনে নাট্যজন অধ্যাপক আবদুস সেলিম, খায়রুল আলম সবুজ, দেব প্রসাদ দেবনাথ, আবুল হায়াৎ, আবুল কাশেম, তারিক আনাম খান, আফজাল হোসেন, নিমা রহমান, নরেশ ভূঁইয়া, মাসুম রেজা, শহীদুন্নামান সেলিম ও আজাদ আবুল কালামসহ গ্রুপ থিয়েটার ফেডারেশনের নাট্যসংগঠনগুলোর সর্বস্তরের নাট্যশিল্পী ও ফেডারেশনের কেন্দ্রীয় পর্ষদের সম্মানিত সদস্যরা উপস্থিত থাকবেন। এইসব ব্যক্তি ও সংগঠনের উপস্থিতি চোখে পড়েনি।
আলোচনা পর্বে গ্রুপ থিয়েটার ফেডারেশানের ভারপ্রাপ্ত চেয়ারম্যান লাকী ইনাম বলেন, ‘দেশের নাট্যচর্চাকে জীবিত রেখেছে এবং থিয়েটারকর্মীদের সুখ-দুঃখ, কষ্ট ও সমস্যায় পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশান।’
বর্তমান কমিটির দায়িত্ব পালনের প্রসঙ্গ তুলে তিনি জানান, একটি সংকটের সময়ে তারা ফেডারেশানের হাল ধরেছিলেন এবং সংগঠনটিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তার আশা, খুব শিগগিরই সম্মেলনের মাধ্যমে নতুন কমিটির হাতে দায়িত্ব হস্তান্তর করা হবে। এ জন্য পুরোনো ও নতুন সবাইকে ঐক্যবদ্ধভাবে সহযোগিতার আহ্বান জানান তিনি।
নাট্যকর্মীদের দলীয় বিভেদ ও রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে থিয়েটার চর্চার আহ্বান জানান রফিকুল্লাহ সেলিম। তিনি বলেন, নাট্যকর্মীরা রাজনীতি করার জন্য থিয়েটারে আসেননি; বরং দেশকে ভালোবাসতে এবং দেশের ওপর কোনো আঁচড় লাগতে না দেওয়ার প্রত্যয়ে তারা থিয়েটার করেন। রাজনৈতিক বা ব্যক্তিগত কারণে সহকর্মীদের দূরে সরিয়ে রাখার প্রবণতা থেকে বেরিয়ে এসে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
থিয়েটার দিবসের অতীত আয়োজনের কথা স্মরণ করে তিনি বলেন, একসময় নাটকের পোশাক পরে, কোরাস গাইতে গাইতে মহিলা সমিতি থেকে প্রেসক্লাব পর্যন্ত জাঁকজমকপূর্ণ শোভাযাত্রা বের হতো। এতে রাস্তায় যানজটও তৈরি হতো। কিন্তু এখনকার আয়োজন অনেকটাই সীমিত হয়ে এসেছে।
ফেডারেশনের সাংগঠনিক কার্যক্রম প্রসঙ্গে তিনি জানান, গত দুই বছর নির্বাচন ও নানা জটিলতার কারণে নতুন সম্মেলন আয়োজন করা সম্ভব হয়নি। তবে দ্রুত নতুন কমিটির হাতে দায়িত্ব হস্তান্তরের চিন্তাভাবনা চলছে। সম্মেলন না হলেও ফেডারেশানের কার্যক্রম থেমে নেই। লাকী ইনামের নেতৃত্বে দেশব্যাপী কর্মশালা সম্পন্ন হয়েছে। ঢাকা মহানগরের বাকি থাকা কর্মশালাটির সময়ও শিগগিরই নির্ধারণ করা হবে।
‘থিয়েটার তোপখানার’ হাফিজুর রহমান সুরুজ বলেন, ‘এখন ঐক্য হওয়া দরকার এবং সবাইকে মিলেমিশে কাজ করতে হবে। বেশি করে নাটক করার মধ্য দিয়েই নিজেদের পরিচয় দিতে হবে।’ শিগগিরই সম্মেলন করে নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তরের প্রক্রিয়া আরও ত্বরান্বিত হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
পুরো আয়োজন জুড়ে সবাই থিয়েটারে রাজনীতির বিপক্ষে কথা বললেও জাহিদ রিপন বললেন ভিন্ন কথা। তার ভাষ্য, থিয়েটারে রাজনীতি অবশ্যই থাকবে তবে দলীয় রাজনীতি নয়।
সাংস্কৃতিক পর্বে নাট্যশিল্পীদের পরিবেশনায় নাটকের গান ও নৃত্য পরিবেশিত হয়। বরেণ্য সংগীতশিল্পী খুরশীদ আলমসহ অনেকে গান পরিবেশন করেন। এ ছাড়া মঞ্চস্থ হয় নৃত্যনাট্য ‘মেহের নিগার’।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন খোরশেদ আলম, খন্দকার আনোয়ারুল ইসলাম, আব্দুল আজিজ, আব্দুল হালিম আজিজ, ম আ সালাম, চঞ্চল সৈকত, শওকত হাসানসহ অনেকে নাটককে ভালোবেসে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।
স্বাগত বক্তব্য ফেডারেশানের অনুষ্ঠান সম্পাদক খন্দকার শাহ আলম জানান, ঝিনাইদহ, কুষ্টিয়া, সিরাজগঞ্জ, ময়মনসিংহ ও কিশোরগঞ্জসহ অন্তত ১২টি জেলায় এবার গ্রুপ থিয়েটার দিবস উদযাপিত হচ্ছে।
সারাদেশের নাট্যসংগঠনগুলোকে নিয়ে ১৯৮০ সালের ২৯ নভেম্বর প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশান। এরপর থেকে দিনটিকে গ্রুপ থিয়েটার দিবস হিসেবে উদযাপন করে আসছেন নাট্যকর্মীরা। দীর্ঘ পথ পাড়ি দিয়ে এবার ৪৬তম বছরে পদার্পণ করেছে সংগঠনটি।