কক্সবাজারের ইনানীতে গ্যাসকূপের আগুন নিয়ন্ত্রণের পর খানে সার্ভে কাজ করার সময় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্সে) এর ৭ কর্মী দ্বগ্ধ ও আহত হয়েছেন।
রোববার (২৯ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ছোট ইনানী খাল ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন- বাপেক্সের ডিজিএম রাকিবুল হাসান, রিক মেকানিক ফিরোজ আহমেদ ও রিক মেকানিক মোহাম্মদ জনি। এছাড়া, বাকিদের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
বাপেক্সের ডিজিএম ড. আব্দুস ছালাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ‘সম্প্রতি আগুন বন্ধ করার পর সেখানে সার্ভের কাজ চলছিল। এ সময় হঠাৎ বিস্ফোরণে আগুনের কুণ্ডলি বের হয়। এতে বাপেক্সের সাতজন দগ্ধ হন। তিনি আরও জানান, এ ঘটনার পর চারজন প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন। বাকি তিনজন কক্সবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন।
প্রসঙ্গত, গত ২৭ অক্টোবর কক্সবাজারের ইনানীতে গভীর নলকূপ স্থাপন করতে গিয়ে গ্যাস উদগীরণ হয়৷ পরবর্তীতে টানা ৩১ দিন গ্যাস জ্বলার পর গত শুক্রবার (২৭ নভেম্বর) সেই গ্যাসকূপের আগুন নেভাতে সক্ষম হয় বাপেক্স। পরে সেখানে সার্ভের কাজ শুরু করে বিশেষজ্ঞ দল। ওই দিন সকালে বিশেষ কারিগরি পদ্ধতিতে ৩০ ইঞ্চি কেসিং স্থাপনের মাধ্যমে কূপের বিভিন্ন স্থান দিয়ে বের হওয়া গ্যাসের আগুন নিভিয়ে ফেলা হয়। আগুন নিয়ন্ত্রণে আসায় কূপটিকে নিরাপদ করার পাশাপাশি নতুন করে গ্যাস অনুসন্ধানের প্রস্তুতি নেয় সংস্থাটি।
বাপেক্স বলছে, আগামী সপ্তাহ থেকে জিওলজিকাল জরিপ শুরু হবে। যার সময় লাগবে অন্তত ৬ মাস। সেই জিওলজিক্যাল জরিপের প্রতিবেদন অনুযায়ী গ্যাস অনুসন্ধানের পদক্ষেপ নেয়া হবে। এটা থার্মোজনিক গ্যাসের ধারণা করলেও অনুসন্ধানের জন্য জরিপের প্রতিবেদন পাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে বলে জানায় তারা।