স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, বিএনপি জনবিচ্ছিন্ন দল হয়ে পড়েছে। তারা জনগণের চিন্তা করে না। তারা সবসময় চিন্তা করে কীভাবে ক্ষমতায় যাওয়া যায়। তাদের নেতাকর্মীদের মধ্যে বিভেদ সৃষ্টি হয়েছে। নিজেদের ভুলগুলো উপলব্ধি করতে না পারলে বিএনপির অস্তিত্ব থাকবে না। বৃহস্পতিবার (৭ মার্চ) দুপুরে কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে জেলা পুলিশ আয়োজিত কমিউনিটি পুলিশিং ও মাদকবিরোধী সমাবেশের আগে এসব কথা বলেন তিনি।
আসাদুজ্জামান খান বলেন, বিএনপির ধ্বংসলীলা দেখেছেন। শুরু থেকেই ষড়যন্ত্রের মাধ্যমে দেশে এসেছিল। রক্তের গঙ্গা বইয়ে তাদের দলের উৎপত্তি। ২০০৮ এর নির্বাচনে তারা মাত্র ৩০টি সিট পেয়েছিল। ২০১৪-তে ইলেকশন না করে ধ্বংসলীলা শুরু করলো। মানুষ পুড়িয়ে মারা শুরু করলো। এবার আমরা দেখলাম সেই একই কায়দায় তারা রক্তের হলিখেলা শুরু করলো। ২৮ আগস্ট তারা ধ্বংসলীলা চালিয়েছিল। তাদের নেতা ইংল্যান্ড থেকে দিক-নির্দেশনা দেয়। কিন্তু তাদের নেতাকর্মীদের কি হবে সেটা চিন্তা করে না।
তিনি বলেন, সুষ্ঠু গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখার জন্য সংবিধান অনুযায়ী কাজ করছে সরকার। দেশকে এগিয়ে নিতে জনগণকে কীভাবে সম্পৃক্ত করা যায়, এ নিয়ে আমাদের প্রধানমন্ত্রী চিন্তা করছেন। আমি মনে করি, যারা বলেন দেশে গণতন্ত্রের চর্চা নাই, তাদের দেশে কতটুকু রয়েছে- সেটা নিয়ে আমার প্রশ্ন রয়েছে।
মন্ত্রী বলেন, কোনো কোনো দেশে ২০-২৫ শতাংশ ভোট কাস্ট হয়। আমাদের এবারের নির্বাচনে ৪২ শতাংশ ভোট কাস্ট হয়েছে। এরপরও যদি কেউ বলে নির্বাচন সুষ্ঠু হয়নি। তাহলে কিছু বলার থাকে না।
আসাদুজ্জামান খান বলেন, মাদকের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে আইনের আওতায় আনা হবে। মাদকসহ কাউকে গ্রেপ্তার করা হলে কেউ তার পক্ষে সুপারিশ করলে তাকেও গ্রেপ্তার করা হবে। সে যে-ই হোক। পুলিশ-জনপ্রতিনিধি যেই হোক না কেন, মাদকের সংশ্লিষ্টতা পেলে ছাড় নয়। তিনি বলেন, ১০ বছর আগের পুলিশ আর নেই। ফলে দেশে অপরাধও কমেছে। বিট পুলিশিং সর্বস্তরের মানুষকে সঙ্গে নিয়ে কাজ করবে।
জেলা পুলিশ সুপার আল আসাদ মোহাম্মদ মাহফুজুল ইসলামরে সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য হামিদুল হক খন্দকার, কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য সৌমেন্দ্র প্রসাদ পান্ডে, কুড়িগ্রাম-৪ আসনের সংসদ বিল্পব হাসান পলাশ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুল্লাহ আল মাসুদ চৌধুরী, রংপুর রেন্জের ডিআইজি মো. আব্দুল বাতেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মঞ্জু প্রমুখ।