দিলীপ কুমার দাস,নিজস্ব প্রতিবেদকঃ৷ কিশোরগঞ্জে মো. রাসেল মিয়া (২৫) নামে এক অটোরিকশার চালককে হত্যার পর অটোরিকশাটি ছিনতাই করেছে দুর্বৃত্তরা।
রোববার (০১ মে) সকালে শহরের গাইটাল মুকসেদপুর বড়পুল এলাকায় একটি ধানক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। তাকে শ্বাসরোধ করে হত্যার পর দুর্বৃত্তরা অটোরিকশাটি নিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে।
কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি মোহাম্মদ দাউদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহত মো. রাসেল মিয়া কিশোরগঞ্জ সদর উপজেলার রশিদাবাদ ইউনিয়নের কাতিয়ারচর গ্রামের নূর ইসলামের ছেলে।
পুলিশ জানায়, শনিবার সকালে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন রাসেল। এরপর তিনি রাতে বাড়ি ফেরেননি। রোববার সকালে রাস্তার পাশে ধানক্ষেতে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন এলাকাবাসী।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হাত-পা বাঁধা ও গলায় গামছা প্যাঁচানো অবস্থায় তার মরদেহ উদ্ধার করে। ধানক্ষেতে তাকে হত্যার সময় ধস্তাধস্তির আলামত পাওয়া গেছে। ঘটনাস্থলে তিন জোড়া জুতা পড়েছিল।
নিহত রাসেলের বাবা জানান, তিন মাস আগে ৬০ হাজার টাকা দিয়ে অটোরিকশাটি কিনেন রাসেল। শনিবার সকালে অটোরিকশা নিয়ে তিনি বের হন। রাত ১০টার দিকে বাড়িতে ফোন করে জানান, একটি রিজার্ভ ভাড়া নিয়ে যাচ্ছেন, ফিরতে একটু দেরি হবে। এরপর থেকে তার কোনো হদিস পাওয়া যাচ্ছিল না। তার মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যায়।
পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। হত্যায় জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।