রাজধানীর শ্যামপুর এলাকায় হত্যা মামলার ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর শ্যামপুর থানা পুলিশ। গ্রেফতারকৃত মূল অভিযুক্তের নাম- মোঃ লাভলু।
শ্যামপুর থানার পুলিশ পরিদর্শক (নিঃ) অপারেশন খন্দকার জামাল উদ্দিন মাহমুদ বলেন, ঘটনার দিন শনিবার (১৮ ডিসেম্বর ২০২১) ভিকটিম বৃদ্ধা হোসনে আরা ডলি শ্যামপুর থানার ৪৬/এ/১ ঢালকা নগর লেন এর তার নিজ বাসায় একাকি অবস্থান করে। ঐ দিন তার স্বামী ভোর ০৬:৩০টায় ব্যবসার কাজে গাজীপুরে যায়। ভিকটিম বাসায় একা থাকায় বেলা ৩:৪৫ থেকে সন্ধ্যা ৬:০০টার মধ্যে যেকোন সময় কে বা কাহারা ভিকটিমকে গলা কেটে হত্যা করে নগদ টাকা ও স্বর্নালংকার নিয়ে যায়। এ ঘটনায় ১৯ ডিসেম্বর ২০২১ শ্যামপুর থানায় ভিকটিমের স্বামী মামলা রুজু করেন।
তিনি আরো বলেন, মামলাটি তদন্তকালে তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযুক্তের অবস্থান শনাক্ত করে মঙ্গলবার (২১ ডিসেম্বর) রাত ১২:৪০টায় শ্যামপুর থানার গ্লাস ফ্যাক্টরির গলি গাজীর মোড় এলাকায় অভিযান চালিয়ে হত্যা মামলার ঘটনায় জড়িত মূল অভিযুক্ত লাভলুকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতকে জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে তিনি বলেন, গ্রেফতারকৃত একজন ডিশ লাইনের কর্মচারী। ঘটনার দিন ভিকটিম গ্রেফতারকৃতকে তার বাসায় ডিশের লাইন ঠিক করার জন্য ডাকে। সে বাসায় আসতে দেরি করায় ভিকটিম তাকে বকাবকি করে। সে রাগান্বিত হয়ে ভিকটিমকে ধাক্কা মেরে মেঝেতে ফেলে দেয়। ফলে ভিকটিমের হাতে থাকা কাচের গ্লাস ভেঙ্গে যায়। এরপর গ্রেফতারকৃত আরো উত্তেজিত হয়ে বাহির থেকে ইট এনে ভিকটিমের মাথায় সজোরে আঘাত করে। পরবর্তীতে ভাঙ্গা গ্লাস দিয়ে গলা কেটে ভিকটিমের মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়।
গ্রেফতারকৃতকে বিজ্ঞ আদালতে প্রেরণ করলে গ্রেফতারকৃত হত্যাকান্ডের কথা স্বীকার করে বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে মর্মে জানান পুলিশের এ কর্মকর্তা। এ ঘটনায় তদন্ত অব্যাহত আছে।