বাংলাদেশে প্রথম করোনা চিকিৎসায় খাওয়ার ট্যাবলেট বাজারে আনছে বেক্সিমকো ফার্মা। ওষুধ প্রশাসনের জরুরি ব্যবহারের অনুমোদন পাওয়ার পর আজ মঙ্গলবার মলনুপিরাভির অ্যান্টিভাইরাল ট্যাবলেটটি ‘ইমোরিভির’ নামে উৎপাদন শুরুর কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি।
বেক্সিমকো ফারমাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান জানান, “মহামারির শুরুতে করোনা চিকিৎসায় রেমডিসিভির ইনজেকশন উৎপাদন করেছিল বেক্সিমকো। এবার বিশ্বের প্রথম খাওয়ার ওষুধও উৎপাদন করে বেক্সিমকো করোনার সাশ্রয়ী চিকিৎসায় নিজেদের সক্ষমতা প্রমাণ করলো”।
ওষুধ প্রশাসন অধিদফতরের কর্মকর্তারা জানান, বাংলাদেশে কয়েকটি প্রতিষ্ঠান এই ওষুধ তৈরির জন্য আবেদন করেছে। এর মধ্যে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসকে অনুমোদন দেওয়া হয়েছে। পাশাপাশি স্কয়ার, এসকেএফ, ইনসেপ্টা, জেনারেল ফার্মা, বিকন ফার্মা, রেনাটাসহ ১০টি প্রতিষ্ঠান আবেদন করেছিল, সেগুলোর অনুমোদনের বিষয়টি প্রক্রিয়াধীন আছে।
মলনুপিরাভির নামে এই খাওয়ার ওষুধ প্রথমে তৈরি করে মার্কিন ওষুধ কোম্পানি মার্ক। ওষুধটি করোনার বিস্তার রোধের পাশাপাশি আক্রান্ত রোগীর মৃত্যু ও হাসপাতালে ভর্তির ঝুঁকি ৫০ শতাংশ পর্যন্ত কমাতে সক্ষম বলে দাবি কোম্পানিটির।
এর আগে গত ৪ নভেম্বর যুক্তরাজ্য সরকার এ ওষুধের অনুমোদন দেয়। যুক্তরাজ্যে অনুমোদনের ৪ দিন পর দেশে ওষুধটির উৎপাদন ও ব্যবহারের বিষয়ে উদ্যোগ নেয়া হলো।