দিলীপ কুমার দাস, নিজস্ব প্রতিবেদক ময়মনসিংহ : মাস শেষে হাজিরা খাতায় নিয়মিত স্বাক্ষর রয়েছে। তবে প্রতিদিন দেখা মিলেনা কর্মস্থলে। মাসে কয়েকবার আসেন তাও আবার রোগী দেখার জন্য নয়, হাজিরা খাতায় স্বাক্ষর করার জন্য।
অভিযোগ উঠেছে নেত্রকোনা জেলার মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মরত জুনিয়র কনসালটেন্ট এ্যনেসথেসিয়া ডাক্তার মোহাম্মদ কামরুল আহসানের বিরুদ্ধে। ডাক্তার মোহাম্মদ কামরুল আহসান গত ২৬ সেপ্টেম্বর মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদান করেন।
বৃহস্পতিবার হাসপাতালটিতে সরজমিনে গেলে কর্মরত চিকিৎসক ডাক্তার মোহাম্মদ কামরুল আহসান কে পাওয়া যায়নি। উনার বিষয়ে অন্য ডাক্তার ও অন্য অফিস স্টাফদের নিকট জানতে চাইলে উনাকে কোনদিন দেখেননি বলে জানান।
মদন হাসপাতালে যোগদানের পর থেকে তিনি নিয়মিত ভাবে কর্মস্থলে না এসে ময়মনসিংহে ব্যক্তিগত ভাবে নিয়মিত রোগী দেখছেন। তবে বেতন ভাতা উত্তোলনের জন্য মাসে কয়েক বার কর্মস্থলে এসে হাজিরা খাতায় বিগত দিনের অনুপস্থিত স্বাক্ষরগুলো করে আবার চলে যান।
ডিউটি চলাকালীন নির্ধারিত সময়ে কেউ উপস্থিত না থাকলে তার হাজিরা খাতায় ওই দিনের উপস্থিতির জায়গায় অনুপস্থিত লেখার নিয়ম রয়েছে। তবে অনুপস্থিত না লিখে অজ্ঞাত কারণে হাজিরা খাতা স্বাক্ষর দেয়ার কোন সুযোগ নেই।