রাজধানীর গুলশান থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় চিত্রনায়িকা পরী মণিকে জামিন দিয়েছেন বিচারিক আদালত। আজ মঙ্গলবার ঢাকার মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক রবিউল আলম এ আদেশ দেন।
আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) তাপস কুমার পাল এনটিভি অনলাইনকে এ তথ্য জানিয়েছেন। এর আগে পরী মণি সকাল ৯টায় ঢাকা মহানগর দায়রা জজ আদালত প্রাঙ্গণে এসে হাজির হন।
গত ৪ আগস্ট রাতে প্রায় চার ঘণ্টার অভিযান শেষে রাজধানী বনানীর বাসা থেকে পরী মণি ও তাঁর সহকারী দীপুকে আটক করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ সময় পরী মণির বাসা থেকে বিভিন্ন মাদক জব্দ করা হয়। পরদিন ৫ আগস্ট র্যাব-১ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পরী মণি ও তাঁর সহযোগীর বিরুদ্ধে বনানী থানায় মামলা করে।
তিন দফা রিমান্ড শেষে গত ৩১ আগস্ট ঢাকার মহানগর দায়রা জজ পরী মণির জামিন মঞ্জুর করেন। এর পরের দিন তিনি জামিনে মুক্তি পান।