দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ২৭ হাজার ৭৬৮ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া দেশে নতুন করে ৩১৪ জন করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট ১৫ লাখ ৬৫ হাজার ৪৮৮ জন করোনায় আক্রান্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে ৫২৯ জন। এ নিয়ে দেশে মোট ১৫ লাখ ২৭ হাজার ৮৬২ জন করোনা থেকে সুস্থ হলো।
আজ রোববার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন ১৬ জন মৃত্যুবরণকারীর মধ্যে পুরুষ ১০ জন ও নারী ছয়জন। এ পর্যন্ত পুরুষ মৃত্যুবরণ করেছে ১৭ হাজার ৭৮৯ জন ও নারী নয় হাজার ৯৭৯ জন। মৃত্যুবরণকারীদের মধ্যে ৪১ থেকে ৫০ বছরের মধ্যে চারজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে চারজন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে পাঁচজন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে একজন ও ৮১ থেকে ৯০ বছরের মধ্যে দুজন রয়েছেন।
২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে সাতজন, চট্টগ্রাম বিভাগে তিনজন, রাজশাহী বিভাগে দুজন, খুলনা বিভাগে দুজন ও ময়মনসিংহ বিভাগে দুজন রয়েছেন। এদের মধ্যে ১২ জন সরকারি হাসপাতালে ও বেসরকারি হাসপাতালে চারজন মৃত্যুবরণ করেছেন।