দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১১৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ২৫ হাজার ৩৯৯ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া দেশে নতুন করে আরও পাঁচ হাজার ৭১৭ জন আক্রান্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট ১৪ লাখ ৬৭ হাজার ৭১৫ জন করোনায় আক্রান্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে আট হাজার ৯৮২ জন। এ নিয়ে দেশে মোট ১৩ লাখ ৭২ হাজার ৮৫৬ জন করোনা থেকে সুস্থ হলো।
আজ সোমবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় নতুন ১১৭ জন মৃত্যুবরণকারীর মধ্যে পুরুষ ৫৩ জন ও নারী ৬৪ জন। এ পর্যন্ত পুরুষ মৃত্যুবরণ করেছেন ১৬ হাজার ৫৯০ জন ও নারী আট হাজার ৮০৯ জন।
মৃত্যুবরণকারীদের মধ্যে ১১ থেকে ২০ বছরের মধ্যে একজন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে একজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে নয়জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ছয়জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ২৬ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ৪১ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ২১ জন, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে নয়জন ও ৯১ থেকে ১০০ বছরের মধ্যে তিনজন।
২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে ৪০ জন, চট্টগ্রাম বিভাগে ২৯ জন, রাজশাহী বিভাগে ১০ জন, খুলনা বিভাগে ১১ জন, বরিশাল বিভাগে একজন, সিলেট বিভাগে ১৩ জন, রংপুর বিভাগে নয়জন ও ময়মনসিংহ বিভাগে চারজন। এ ছাড়া সরকারি হাসপাতালে ৯৭ জন, বেসরকারি হাসপাতালে ১৭ জন ও বাসায় তিনজন মারা গেছে।
দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় গত বছরের ৮ মার্চ। ওই বছরের ১৮ জুন তিন হাজার ৮০৩ জন নতুন করে করোনায় আক্রান্ত হওয়ার মধ্য দিয়ে লাখ ছাড়িয়েছিল করোনার রোগী।