দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো ২০৪ জনের মৃত্যু হয়েছে। যা গতকালের তুলনায় কিছুটা বেশি। আগের ২৪ ঘণ্টায় ১৮৭ জনের মৃত্যু হয়েছিল। ৫ দিন পর গতকাল মৃত্যুর সংখ্যা ২০০-এর নিচে নেমে আজ আবারও দুই শতাধিক প্রাণহানি। সবমিলিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৭ হাজার ৬৬৯ জনে।
অপরদিকে, গত ২৪ ঘণ্টায় দেশে আরো ৮ হাজার ৪৮৯ জনকে আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে। যা গতকালের তুলনায় অনেক কম। আগের ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছিল ১২ হাজার ১৪৮ জন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ লাখ ৯২ হাজার ৪১১ জনে।
আজ (১৭ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের কোভিড-১৯ সক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। দেশে করোনা শনাক্তের পর থেকে প্রতিদিনই পূর্ববর্তী ২৪ ঘণ্টার আপডেট জানিয়েছে আসছে স্বাস্থ্য অধিদপ্তর।এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৩০ হাজার ১৫টি। নমুনা পরীক্ষা করা হয়েছে ২৯ হাজার ২১৪টি। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৭২ লাখ ১৫ হাজার ৫৮১টি। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২৯ দশমিক ৬ শতাংশ। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৫ দশমিক ১৪ শতাংশ।
২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ১২৫ জন পুরুষ এবং ৭৯ জন নারী। এর মধ্যে ২ জন বাড়িতে এবং বাকিরা হাসপাতালে মারা গেছেন। গত ২৪ ঘণ্টায় করোনার সংক্রমণ থেকে সুস্থ হয়েছেন ৮ হাজার ৮২০ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৯ লাখ ২৩ জন ১৬৩ জন।