মোঃ রাসেল রানা, বরগুনাঃ শনিবার সন্ধ্যা ৬ টায় বরগুনা পুলিশ সুপার কার্যালয়ের সামনে থেকে সাইফুল্লাহ মাহমুদ দুলাল নামের ভুয়া সচিবকে গ্রেফতার করা হয় বলে জানা যায়। শনিবার দুপুরে দুলাল বরগুনা পুলিশ সুপারের কার্যালয়ে এসে নিজেকে জ্বালানি মন্ত্রণালয়ের উপ-সচিব হিসেবে পরিচয় দেয় এবং একটি মামলা তদবির করার বিষয়ে আলোচনা করে। এ বিষয় পুলিশ সুপার মোঃ মারুফ হোসেন (পিপিএম) এর সন্দেহ হলে তিনি এই ব্যক্তি সম্পর্কে খোঁজ-খবর নেন এবং তিনি ভুয়া সচিব হিসেবে নিশ্চিত হন।
একপর্যায়ে পুলিশ সুপার কার্যালয় থেকে পালানোর চেষ্টাকালে পুলিশ তাকে আটক করে। আটককৃত দুলাল বরগুনার পাথরঘাটা উপজেলার ৩ নং চরদুয়ানী ইউনিয়নের দক্ষিণ জ্ঞান পাড়া গ্রামের মৃত সুলতান হাওলাদারের ছেলে।
তার পুরো নাম মোঃ সাইফুল্লাহ মাহমুদ দুলাল। এবিষয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম তারিকুল ইসলাম জানান, শনিবার কোন এক মামলার তদবির করতে দুলাল আমাদের পুলিশ সুপার মোঃ মারুফ হোসেন (পিপিএম) স্যারের কাছে আসে এবং সচিব হিসেবে নিজেকে পরিচয় দেয়। পরে সে ভুয়া হিসেবে শনাক্ত হয়। প্রতারক দুলাল এর বিরুদ্ধে বরগুনা সদর থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।