ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বাসটি শিক্ষার্থীদের নামিয়ে দিয়ে ফেরার পথে আক্রান্ত হয়। তবে এ ঘটনায় কেউ আহত হয়নি।
রোববার বিকেল পৌনে চারটার দিকে মিরপুর এক নম্বর সেকশনের বাঙলা কলেজের সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটি শিক্ষার্থীদের নামিয়ে দিয়ে কল্যাণপুর ডিপোর দিকে ফিরছিল। পথে একদল দুর্বৃত্ত বাসে আগুন দেয়। তাৎক্ষণিক স্থানীয় ও পুলিশের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণ করা গেছে।
ডিএমপির মিরপুর বিভাগের দারুসসালাম জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) মাসুক মিয়া এ তথ্য জানিয়েছেন, বাঙলা কলেজের সামনে বিআরটিসি একটি দোতলা বাসে আগুন দেওয়া হয়। এতে বাসের একটি সিট পুড়ে গেছে। ফিরতি পথে বাসে অল্প কিছু যাত্রী ছিল। তেমন ক্ষতি হয়নি। বাসটি ছেড়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।