গেন্ডারিয়ার বেগমগঞ্জের একটি বাসার মেস থেকে চুরির ঘটনায় চোরাইকৃত টাকাসহ একজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গেন্ডারিয়া থানা পুলিশ। গ্রেফতারকৃতের নাম মোঃ মনিরুল ইসলাম শাহীন।
এজাহারের বরাত দিয়ে গেন্ডারিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আবু সাঈদ আল মামুন জানান, গত ৩ অক্টোবর গেন্ডারিয়ার বেগমগঞ্জের একটি বাসা থেকে ৮ লক্ষ ৫৩ হাজার ২৬০ টাকা চুরি সংক্রান্তে একটি মামলা রুজু হয়।
তিনি বলেন, মামলাটি তদন্তে জানা যায়, মামলার বাদী মোস্তাফিজুর রহমান হিমেল সহ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছয় জন ছাত্র বেগমগঞ্জের ওই বাসার ৭ম তলার একটি কক্ষ ভাড়া নিয়ে মেস হিসেবে প্রায় দুই বছর ধরে বসবাস করছে। তারা সবাই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অনার্স চতুর্থ বর্ষের ছাত্র। ঘটনার দিন তাদের রুমমেট মনিরুল ইসলাম শাহীনকে রুমে রেখে অন্যান্যরা ক্লাসে চলে যায়। পরবর্তী সময়ে বেলা একটায় এক রুমমেট বাসায় এসে মেইন দরজা খোলাসহ বাসার মালামাল এলোমেলো দেখতে পায়। তখন অন্যান্যরা এসে বাদীর বাবার ব্যবসায়িক কাজের জন্য বাড়ি থেকে নিয়ে আসা ৮ লক্ষ ৫০ হাজার ও মেস ভাড়া বাবদ ৩২৬০ টাকা চুরির বিষয়টি বুঝতে পারে। রুমমেট মনিরুল ইসলামের সাথে তাৎক্ষনিক যোগাযোগ করলে সে গ্রামের বাড়ি চট্টগ্রামে যাওয়ার জন্য রওয়ানা হয়েছে বলে জানায়।
অফিসার ইনচার্জ আরো বলেন, পরবর্তী সময়ে গোপন সংবাদের ভিত্তিতে ৮ অক্টোবর বেলা পৌনে দুইটায় মোঃ মনিরুল ইসলাম শাহীনকে গ্রেফতার করা হয়। আর তার হেফাজত থেকেই উদ্ধার করা হয়। বাসা থেকে চুরি হওয়া ৮ লক্ষ ৫৩ হাজার ২৬০ টাকা।
গেন্ডারিয়া থানায় রুজুকৃত মামলায় গ্রেফতারকৃত মনিরুল ইসলাম শাহীনকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।