খাগড়াছড়িতে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানের গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় আওয়ামী লীগের সাড়ে তিন শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে।
রবিবার খাগড়াছড়ি মুখ্য বিচারিক হাকিম আদালতে মামলাটি করেন জেলা বিএনপির সহ-আইন বিষয়ক সম্পাদক রতন কুমার ত্রিপুরা।
জেলা যুবলীগের সাধারণ সম্পাদক কে এম ইসমাইল হোসেনসহ ১০৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ২৫০ জনের নাম উল্লেখ করে মামলাটি করা হয়।
অ্যাডভোকেট বেদারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আদালত মামলাটি আমলে নিয়েছেন এবং খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।
তবে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান জানান, এ বিষয়ে তিনি এখনো কোনো সরকারি নির্দেশনা পাননি।
উল্লেখ্য, গত ২৬ মে শহরে বিএনপির আবদুল্লাহ আল নোমানের গাড়ি ভাঙচুরের ঘটনায় আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে উভয় পক্ষের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন।