প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনদিনের সরকারি সফরে সোমবার দোহার উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। আগামী ২৩ মে থেকে ২৫ মে অনুষ্ঠিতব্য কাতার ইকোনমিক ফোরাম ২০২৩-এ যোগ দিতে তিনি দোহা যাবেন।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট এদিন বিকাল ৩টায় প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবে। ফ্লাইটটি স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় (বাংলাদেশ সময় রাত ৯টা) হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে।
কাতারের আমির তামিম বিন হামাদ আল থানির আমন্ত্রণে প্রধানমন্ত্রী ‘তৃতীয় কাতার ইকোনমিক ফোরাম: এ নিউ গ্লোবাল গ্রোথ স্টোরি’ শীর্ষক ফোরামে যোগ দেবেন। কাতার ইকোনমিক ফোরাম হলো-মধ্যপ্রাচ্যের শীর্ষস্থানীয় কণ্ঠস্বর যা বিশ্বব্যাপী ব্যবসা ও বিনিয়োগের জন্য নিবেদিত।
এছাড়া এই ফোরামের মূল উদ্দেশ্য হলো-বিশ্বব্যাপী চলমান বহুমুখী চ্যালেঞ্জ ও সংকট এবং এর ফলে উদ্ভূত বিরূপ অর্থনৈতিক পরিণতি মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে সমাধান খুঁজে বের করা।
জানা যায়, মঙ্গলবার (২৩ মে) শেখ হাসিনা তৃতীয় কাতার ইকোনমিক ফোরামের উদ্বোধনী অধিবেশনে যোগ দেবেন।
এছাড়া তিনি দোহায় কাতার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশে ভাষণ দেবেন। কাতারের জ্বালানি বিষয়ক প্রতিমন্ত্রী সাদ বিন শেরিদা আল কাবি এবং সৌদি আরবের বিনিয়োগ মন্ত্রী খালিদ এ আল-ফালিহের সঙ্গে পৃথক বৈঠক করবেন তিনি।
বুধবার (২৪ মে) প্রধানমন্ত্রী ফোরামে যোগ দেবেন। এছাড়া কাতারের আমির তামিম বিন হামাদ আল থানির (আমিরি দিওয়ানে) সঙ্গে বৈঠক করবেন। এছাড়াও শেখ হাসিনা আওসাজ একাডেমি (একটি বিশেষ স্কুল) পরিদর্শন করবেন।
এরপর দোহা ত্যাগ করে বৃহস্পতিবার (২৫ মে) সকালে প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।