চারদিন পর কুষ্টিয়ায় বাস ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। সোমবার (১০ এপ্রিল) দুপুরে ধর্মঘট প্রত্যাহারের কথা জানায় কুষ্টিয়ার বাসমালিক-শ্রমিক সংগঠনের নেতারা। আগামীকাল মঙ্গলবার থেকে যথারীতি বাস চলবে।
এর আগে সোমবার (১০ এপ্রিল) সকাল সাড়ে ১১ টায় কুষ্টিয়া জেলা প্রশাসকের সভাকক্ষে কুষ্টিয়া বাসমালিক-শ্রমিকদের ৫টি সংগঠন নিয়ে গঠিত মালিক-শ্রমিক ঐক্য পরিষদ এবং ঝিনাইদহ বাসমালিক-শ্রমিক সংগঠনের নেতাদের মধ্যে প্রায় দুই ঘণ্টা আলোচনা হয়।
কুষ্টিয়ার জেলা প্রশাসক সাইদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় কুষ্টিয়ার পুলিশ সুপার খাইরুল আলমসহ দুই জেলার বাসমালিক এবং শ্রমিক সংগঠনের ১৪ জন করে নেতাকর্মী অংশ নেন।
পরে জেলা প্রশাসক সাইদুল ইসলামের অনুরোধে রমজান এবং ঈদে ঘরমুখী মানুষের দুর্ভোগের কথা ভেবে গত শুক্রবার থেকে চলমান ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেয় কুষ্টিয়ার বাসমালিক-শ্রমিক ঐক্য পরিষদের নেতারা।
বাসের অতিরিক্ত ট্রিপ চাওয়াকে কেন্দ্র করে ঝিনাইদহ বাসমালিক-শ্রমিক সংগঠনের সাথে কুষ্টিয়ার মালিক-শ্রমিক ইউনিয়নের বিরোধ সৃষ্টি হয়। এরই জেরে গত বৃহস্পতিবার কালিগঞ্জ বাসস্ট্যান্ডে কুষ্টিয়ার বাসশ্রমিকদের ওপর হামলা এবং মারধরের ঘটনা ঘটে। এরই প্রতিবাদে শুক্রবার সকাল থেকে কুষ্টিয়া থেকে খুলনা এবং ফরিদপুর রুটে বাস চলাচল বন্ধ করে দেয় কুষ্টিয়ার মালিক-শ্রমিকদের ৫টি সংগঠন।