কালবৈশাখী ঝড় ও বজ্রপাতে সিলেট বিভাগের দুই জেলায় আট জনের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে এ মৃত্যুর ঘটনা ঘটে। সুনামগঞ্জের শাল্লা উপজেলায় বজ্রপাতে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। একই জেলার জগন্নাথপুরে কালবৈশাখী ঝড়ে ঘরের ওপর গাছ ভেঙে পড়ায় একই পরিবারের মা ও ছেলে-মেয়ে মারা গেছে। এদিকে, হবিগঞ্জের বানিয়াচংয়ে বজ্রপাতে দুই শিক্ষার্থীসহ তিন জনের মৃত্যু হয়েছে। জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়নের সুলেমানপুরে কালবৈশাখী ঝড়ে ঘরের ওপর গাছ পড়ে এক পরিবারের তিন জনের মৃত্যু হয়েছে। নিহতরা হলো—হারুন মিয়ার স্ত্রী মৌসুমা বেগম (৩৫), তাঁর মেয়ে মাহিমা আক্তার (৪) এবং ছেলে হোসাইন মিয়া (১)। আজ ভোর ৪টার দিকে এ ঘটনাটি ঘটে।
হবিগঞ্জে বানিয়াচংয়ে বজ্রপাতে দুই শিক্ষার্থীসহ তিন জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। আজ বৃহস্পতিবার সকাল ৯টায় উপজেলায় বিভিন্ন স্থানে এসব দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমরান হোসেন। নিহত ব্যক্তিরা হলেন—বানিয়াচং উপজেলার খাগাউড়া ইউনিয়নের এড়ালিয়া গ্রামের শামসুল মিয়ার ছেলে আলমগীর মিয়া (২৬), একই উপজেলার কাতারী মহল্লার আক্কল আলীর ছেলে শিক্ষার্থী হুসাইন মিয়া (১২) ও জাতুকর্নপাড়া মহল্লার আব্দুর রহমানের মেয়ে জুমা বেগম (১৩)।