হারুন, জবি প্রতিনিধিঃ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) হরতালের প্রচারকালে প্রগতিশীল ছাত্রজোটের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে প্রগতিশীল ছাত্রজোটের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আহত হয়েছে।
মঙ্গলবার (২২ মার্চ) দুপুরে রফিক ভবনের সামনে এ হামলার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, প্রগতিশীল ছাত্রজোটের নেতাকর্মীরা ক্যাম্পাসের রফিক ভবনের সামনে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে হরতালের প্রচারকালে শাখা ছাত্রলীগের সভাপতি গ্রুপের কর্মীরা ছাত্রজোটের ওপর হামলা করে এবং লিফলেট কেড়ে নিয়ে ছিঁড়ে ফেলে।
এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়নের সভাপতি কে এম মুত্তাকী বলেন, আমরা এই হামলার নিন্দা জানাচ্ছি। হামলা করে হরতাল প্রতিরোধ করা যাবে না। দ্রব্যমূল্যের ন্যায্যদাম ফেরাতে প্রগতিশীল ছাত্রজোটের কর্মসূচি অব্যাহত থাকবে। বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে এই হামলা শুধু অনাকাঙ্ক্ষিতই নয়, বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীসহ সকলের নিরাপত্তার জন্য উদ্বেগজনক।
জবি শাখা ছাত্রলীগের সভাপতি মোঃ ইব্রাহিম ফরাজী বলেন, বহিরাগত লোক ক্যাম্পাসে প্রবেশ করে সরকার বিরোধী অপপ্রচার চালানোর সময় তাদের জিজ্ঞাসা করা হয় তারা ক্যাম্পাসের কিনা। তাদের উত্তর সন্দেহজনক হওয়ার লিফলেটগুলো নিয়ে প্রক্টর অফিসে জমা দেওয়া হয়।
সাধারণ সম্পাদক এস এম আক্তার হুসাইন বলেন, কারো উপর হামলার ঘটনা ঘটেনি। সিসিটিভি ফুটেজ চেক করলে দেখা যাবে প্রগতিশীল ছাত্রজোটের উপর হামলার অভিযোগ সম্পুর্ন মিথ্যা।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড মোস্তফা কামাল বলেন, তারা কেউই জবির শিক্ষার্থী ছিলেন না এবং আমাদের কাছে পূর্ব অনুমতি নেয় নি। তাই আমাদের শিক্ষার্থীদের সাথে ভুলবোঝাবুঝির সৃষ্টি হয় আর পরে তা প্রক্টরিয়াল বডি সমাধান করে।