সবুজবাগ এলাকা থেকে ২ কেজি গাঁজাসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর সবুজবাগ থানা পুলিশ। গ্রেফতারকৃত হলো মোঃ মেহেদী হাসান।
২৬ ফেব্রুয়ারি ২০২২(শনিবার) রাত ০৮:৩০ টায় পূর্ব বাসাবো থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার নিকট থেকে ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গাঁজা উদ্ধার ও তাকে গ্রেফতার সম্পর্কে ডিএমপির সবুজবাগ থানার অফিসার ইনচার্জ মুঃ মোরাদুল ইসলাম জানান, কতিপয় মাদক ব্যবসায়ী সবুজবাগ থানার পূর্ব বাসাবো টেম্পু স্ট্যান্ডের কমিশনার গলির সামনে মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে মর্মে তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযানে যায় পুলিশ। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে পালানোর চেষ্টা করলে মেহেদীকে গ্রেফতার করা হয়। আর তার হেফাজত থেকে উদ্ধার করা হয় ২ কেজি গাঁজা।
সবুজবাগ থানার রুজুকৃত মামলায় গ্রেফতারকৃতকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।
তা ছাড়া রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৬১ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ৩৫৪৯ পিস ইয়াবা, ১৪.৫ গ্রাম ৯৩ পুরিয়া হেরোইন, ৭ কেজি ২৯০ গ্রাম গাঁজা ও ১৮০ বোতল ফেন্সিডিল উদ্ধারমূলে জব্দ করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ এর নিয়মিত মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে ২৬ ফেব্রুয়ারি ২০২২ (শনিবার) সকাল ছয়টা থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতারসহ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৪টি মামলা রুজু হয়েছে।