নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় ভাইয়ের ফসলী জমি জবর দখল করে পুকুর খননের অভিযোগ উঠেছে অন্য দু’ভাইয়ের বিরুদ্ধে।
এ ঘটনায় ভুক্তভোগী কাবুল হোসেন নওগাঁ জেলা প্রশাসক ও সদর উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন।
ঘটনাটি নওগাঁ সদর উপজেলার বলিহার ইউনিয়নের পয়না গ্রামের।
অভিযোগের প্রেক্ষিতে জানাগেছে, নওগাঁ সদর উপজেলার বলিহার ইউনিয়নের পয়না মৌজায় কাবুল হোসেনের ৭৮শতাংশ ক্রয়কৃত ধানী জমি সহ আরো প্রায় ২০ বিঘা ফসলী জমিতে স্কেপেটার (ভেকু) মেশিন দিয়ে পুকুর খনন কাজ করছে তার দুই ভাই। আব্দুল জব্বার ও শাহাজান আলী স্থানীয় প্রভাবশালী হওয়ায় জোরপূর্ব তার ভাইয়ের জমি দখলে নিয়ে প্রায় ২০ বিঘার একটি পুকুর খনন করছেন।
সরেজমিনে দেখাগেছে, উপজেলার বলিহার ইউনিয়নের পয়না মৌজাতে ভেকু মেশিন দিয়ে ফসলের মাঠে চলছে পুকুর খননের কাজ।

ফসলী জমি নষ্ট বা জমির শ্রেনী পরিবর্তন না করে যেখানে পুকুর খনন সম্পূর্ন আইনী নিষেধাজ্ঞা রয়েছে। তবুও তারা আইন ও প্রশাসনকে বৃদ্ধা আঙ্গুল দেখিয়ে দিন-রাত ভেকু মেশিন দিয়ে পুকুর খননের কাজ চালিয়ে যাচ্ছেন। যেন দেখার কেহ নাই।
এ বিষয়ে অভিযুক্ত আব্দুল জব্বার বলেন, আমরা আমাদের জমিতে পুকুর করছি তাতে কার কি? এ জমিতে ধান হয়না তাই মাছ চাষ করার জন্য পুকুর খনন করছি। অপর প্রশ্নে তিনি বলেন, আমরা কারো জমি দখল করিনি। আমার ভাইয়ের জমি পাশে রয়েছে এখানে কোন জমি পাবেনা সে।
পুকুর খননের অনুমতি রয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, আমাদের কারো অনুমতি লাগেনা। আমাদের জমিতে আমরা পুকুর করব এতে কারো অসুবিধা হওয়ার কথা না।
পুকুর খনরের ঠিকাদার নওহাটা মোড়ের এরশাদ আলী বলেন, আমি ভেকু মেশিন দিয়ে পুকুর খনন করছি এখন এটা আমার জমি। আমার সব অনুমতি নেয়া আছে আপনাদের যা খুশি করুন।
ভুক্তভোগী কাবুল হোসেন জানান, এখানে আমার ৭৮শতক ক্রয়কৃত ধানী জমি রয়েছে। আমার বড় ভাই আব্দূল জব্বার ও শাহাজান আলী তাদের জমির সাথে জোরপূর্বক আমার সেই ৭৮ শতক জমি দখল করে পুকুর খনন করছেন। আমি তাদের বাধা দিতে গেলে তারা আমাকে মারধর ও প্রাণনাশের হুমকি দিচ্ছে।
তারা প্রভাবশালী হওয়ায় বর্তমানে আমি তাদের ভয়ে বাড়ি ছেড়ে অন্যত্র পালিয়ে বেড়াচ্ছি। এঘটনায় আমি প্রশাসনের নিকট লিখত অভিযোগ দিয়েছি, আমার জমি আমাকে ফিরিয়ে দিয়ে পুকুর খনন বন্ধ করে আইনি ব্যবস্থা গ্রহন করার জন্য প্রশাসনের নিকট জোর দাবী জানান তিনি।
এ বিষয়ে নওগাঁ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহারুল ইসলাম প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে সাংবাদিকদের জানান।