রোববার (২১ নভেম্বর) সকালে উপজেলার ঘোরাদিঘা এলাকার ধনু নদীতে লাশ ভাসতে দেখে স্থানীয়রা নিকলী থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে নিকলী থানার এসআই আনিসুল হকের নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
নিহত মইজ উদ্দিন উপজেলার সিংপুর ইউনিয়নের শান্তিপুর গ্রামের মলহাঁটির মৃত মধু মিয়ার ছেলে। তিনি পেশায় ডিজেল ইঞ্জিন মেকানিক ছিলেন। এছাড়া তিনি হাঁস পালন ও মাছ ধরার কাজ করতেন।
নিহত মইজ উদ্দিনের মাথায়, ডান হাত ও ডান পায়ের উরুতে আঘাতে চিহ্ন রয়েছে।
পারিবারিক সূত্র জানায়, প্রতিদিনের মতো গত বৃহস্পতিবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে জাল দিয়ে মাছ ধরতে মইজউদ্দিন নৌকা নিয়ে ধনু নদীতে যান।
পরে বাড়ি ফিরতে দেরি হচ্ছে দেখে পরিবারের লোকজন শুক্রবার (১৯ নভেম্বর) ভোররাত সাড়ে ৩টার দিকে নদীতে এগিয়ে গেলে শুধু তার ব্যবহৃত নৌকাটি ভাসতে দেখেন।
স্থানীয় সূত্র জানায়, আগামী ২৮ নভেম্বর এ এলাকায় ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে কেন্দ্র করে কোন গ্রুপের সাথে দ্বন্দ্বে এ হত্যাকাণ্ড সংঘটিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
নিকলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মনসুর আলী আরিফ জানান, লাশ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। মামলা সাপেক্ষে তদন্তপূর্বক অপরাধী যেই হোক তাকে আইনের আওতায় আনা হবে।