ঢাকার কেরানীগঞ্জে আজ মঙ্গলবার দুপুরে দ্রুতগামী বাসের ধাক্কায় অটোরিকশার যাত্রী ২ মহিলা নিহত এবং চালকসহ ৩জন আহত হয়েছে। মৃতরা হলেন বাস্তা ইউনিয়নের আব্দুর রশিদের স্ত্রী হামিদা বেগম (৫৫) ও একই গ্রামের সোহেল মিয়ার মেয়ে সুমাইয়া(১৫)।
ঘটনার বিবরণে জানা যায়, রুহিতপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী দিশারী পরিবহনের (ঢাকা মেট্রো ব-১৩-১৮৬২) বাসটি আজ দুপুর ১২টায় কেরানীগঞ্জ মডেল থানার রসুলপুর ব্রিজের উপর দ্রুতগতিতে এসে একটি অটোরিকশাকে পিছন থেকে ধাক্কা দিলে অটোরিক্সার ৪জন যাত্রী ও ড্রাইভার গুরুতর আহত হয়।
পরবর্তীতে স্থানীয়দের সহায়তায় তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই জনকে মৃত ঘোষণা করে।
কেরানীগঞ্জ মডেল থানা অফিসার ইনচার্জ আব্দুস সালাম মিয়া ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ ঘটনায় দিশারী পরিবহনের গাড়িটি জব্দ ও এর চালক মোহাম্মদ আলীকে গ্রেফতার করা হয়েছে। নিহত দুজনের লাশ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে এবং বাকিদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।