ধৈর্যের বাঁধ ভেঙেছে ২০ বছরে। তাই আফগানিস্তান থেকে হাত তুলে নিয়েছে আমেরিকা। আপাতত নীরব দর্শক রাষ্ট্রপুঞ্জ-সহ অন্য দেশগুলিও। তাই বন্দুকের নলের সামনে দাঁড়িয়েই এ বার তালিবান অভ্যুত্থান নিয়ে সরব হলেন আফগানিস্তানের মহিলা চিত্র পরিচালক সাহারা করিমি। তাবড় রাষ্ট্র এবং রাষ্ট্রনেতাদের নীরবতা ভেঙে আফগানবাসীর পাশে দাঁড়াতে কাতর আর্জি জানালেন তিনি।
আশঙ্কা সত্যি করে রবিবার কাবুলের দখল নিয়েছে তালিবান। দেশের চার কোটি মানুষকে অনিশ্চয়তার মধ্যে রেখে দেশ ছেড়ে পালিয়েছেন প্রাক্তন প্রেসিডেন্ট আশরফ গনিও। তার পর থেকেই ভয়াবহ ছবি উঠে আসছে আফগানিস্তান থেকে। বিমানের চাকায় ঝুলে পালাতে গিয়ে মাঝ আকাশ থেকে পড়ে মৃত্যু হয়েছে দু’জনের। হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মৃত্যুর খবরও সামনে এসেছে।
এমন পরিস্থিতিতে তাবড় রাষ্ট্রনেতাদের উদ্দেশে খোলা চিঠি লিখেছেন আফগান ফিল্ম অর্গানাইজেশন-এর প্রথম মহিলা চেয়ারপার্সন সাহারা। তিনি লিখেছেন, ‘ভারাক্রান্ত মনে অনেক আশা নিয়ে আপনাদের চিঠি লিখছি। আমাদের সুন্দর দেশটাকে, দেশের মানুষকে এবং শিল্প সচেতন মানুষকে তালিবানের হাত থেকে বাঁচান। গত কয়েক সপ্তাহে একাধিক প্রদেশ দখল করে নিয়েছে তালিবান। কতশত শিশুকে অপহরণ করেছে। বিয়ের বাজারে ছোট ছোট মেয়েদের বিক্রি করে দেওয়া হচ্ছে।