মামুনুর রহমান খান: নরসিংদীর শিবপুর উপজেলার যশোর ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক ও ব্যবসায়ী হারুন মিয়ার ওপর সন্ত্রাসী হামলার বিচার, আবারও প্রাণ নাশের হুমকি ও নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভুগির পরিবার। ১৩ আগস্ট ২০২১ শুক্রবার সকাল ১০টায় শিবপুর প্রেস ক্লাবে যশোর ইউনিয়ন কৃষকলীগ ও ভুক্তভুগির পরিবারের পক্ষ থেকে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে সন্ত্রাসী হামলায় পঙ্গুত্ববরণকারী হারুন মিয়ার স্ত্রী রুনা বেগম লিখিত বক্তব্য পাঠ করেন।
রুনা বেগম জানান গত ২৪ জুলাই রাত সাড়ে ১১টার দিকে স্থানীয় যুবদল সেক্রেটারির ভাই বিএনপির ক্যাডার কবির মোল্লার নীল নক্সায় স্থানীয় সন্ত্রাসী আরাফাত ভুইয়া ৯/১০ জন সহযোগী সন্ত্রাসীদের নিয়ে তার স্বামীকে চাপাতি, রামদা দিয়ে কুপিয়ে হাত পায়ের রগ কেটে দেয় এবং মাথায় আঘাত করে হত্যার চেষ্টা করে এবং তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে নগদ অর্থসহ প্রায় অর্ধ কোটি টাকার মালামাল লুট করে নিয়ে যায়। মূমুর্ষ অবস্থায় হারুনি মিয়াকে উদ্ধার নরসিংদী সদর হাসাপাতালে ভর্তি করা হলে অবস্থার অবনতি ঘটায় তাকে রাজধানীর পঙ্গু হাসপতালে ভর্তি করা হয়।
সেখানে ৫২টি সেলাই ও পায়ে এসএস রিং পড়িয়ে তাকে ১৬ দিন চিকিৎসা করা হলেও সে চিরতরে পঙ্গু হয়ে যায় বলেও জানান তিনি। তিনি আরও জানান এ ঘটনায় গত ২৫/৭/২০২১ তারিখে সন্ত্রাসীদের বিরুদ্ধে শিবপুর থানায় করা মামলা আট সন্ত্রাসী গ্রেফতার হলেও মূল আসামী আরাফাতসহ অন্যান্য আসামীরা ধরাছোঁয়ার বাইরে থেকে যায়। তিনি সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেন আটক আসামীরা আদালতে মিথ্যা তথ্য দিয়ে মুক্তি লাভ করে আরো বেপরোয়া হয়ে উঠেছে। তারা প্রতিনিয়ত বিভিন্ন মাধ্যমে আবারও তার স্বামীকে প্রাণ নাশের হুমকি দিয়ে চলেছে। ফলে সার্বক্ষণিকভাবে আতংক ও উৎকণ্ঠার মধ্যে দিন যাপনসহ তার পরিবারের ওপর আবারও সন্ত্রাসী হামলার আশঙ্কা করছেন তিনি।
সাংবাদ সম্মেলনে তিনি বলেন আজ তারা আমার স্বামীর ওপর হামলা করেছে, তাকে পঙ্গু করেছে, তার দোকান লুট করেছে; কাল অন্যান্য আওয়ামী লীগ কর্মীর ওপর, সাধারণ মানুষের ওপর সেই হামলা করবে না তার নিশ্চয়তা কোথায়? তিনি সাংবাদিকদের মাধ্যমে বাংলাদেশ কৃষক লীগের সভাপতি এবং মাননীয় প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হারুন মিয়ার ওপর ঘটা সন্ত্রাসী হামলার ন্যয়বিচার ও পরিবারের নিরাপত্তার দাবি জানান।
এ সময় তার পরিবারের অন্যান্য সদস্যদের সাথে আরো উপস্থিত ছিলেন, নরসিংদী জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক নিপুন খান, শিবপুর উপজেলা কৃষকলীগের সভাপতি মোহাম্মদ আলী মিন্টু, সাধারণ সম্পাদক সৈয়দ মোঃ আলতাফ হোসেন, যশোর ইউনিয়ন কৃষকলীগের সভাপতি শহীদ উল্লাহ মাস্টার, পৌর কৃষকলীগ নেতা বাদল মোল্লা, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তারেক মোল্লা সহ অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়া সংবাদ সম্মেলনে শিবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এসএম খোরশেদ আলমসহ সকল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।