আজ শুক্রবার সকাল ১০টার দিকে বরিশালের নথুল্লাবাদ ও রুপাতলী বাস টার্মিনাল থেকে সব রুটে বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। কঠোর বিধিনিষেধ শিথিলের পর বাস চলাচল শুরুর এক দিনের মাথায় শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বের ঘটনায় এক শ্রমিক নেতাসহ অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়। পৃথক দুই বাস মালিক সমিতি আজ থেকে বাস চলাচল বন্ধ ঘোষণা করে।শ্রমিকেরা জানিয়েছেন, বরিশাল জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের দুটি কমিটি নতুন ভাবে গঠিত হয়।
এর পর থেকে দুই শ্রমিক নেতাদের মধ্যে বিভিন্ন সময় ছোট খাটো মারামারি ও উত্তেজনার ঘটনা ঘটে আসছিল। এর মধ্যে গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে টার্মিনাল ভবনের নিচতলায় কাউন্টারের সামনে সুলতান মাহামুদ ও সহিদুল ইসলাম টিটু নেতৃত্বাধীন কমিটির শ্রমিকদের সঙ্গে পরিমল চন্দ্র দাস ও শাহারিয়ার বাবুর নেতৃত্বাধীন কমিটির শ্রমিকদের সংঘর্ষ ঘটে।
এতে পরিমল ও বাবুর পক্ষের বেশ কয়েকজন আহত হন। এর পরপরই পুরো বাস টার্মিনাল এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং চার ঘণ্টার জন্য বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়।এরপর পরিমল ও বাবু নেতৃত্বাধীন শ্রমিকদের বিক্ষোভের মুখে বাস মালিক সমিতি ও শ্রমিক নেতাদের ওপর হামলার অভিযোগে সুলতান মাহামুদসহ নয় জনের বিরুদ্ধে মামলা গ্রহণ করে পুলিশ।
২৪ ঘণ্টার মধ্যে সুলতান মাহামুদসহ হামলায় জড়িতদের গ্রেপ্তারের আশ্বাস দিলে চার ঘণ্টা পর বাস চলাচল স্বাভাবিক করা হয়। তবে এখন পর্যন্ত অভিযুক্তদের গ্রেপ্তার না করায় আজ শুক্রবার সকাল থেকে বরিশালের নথুল্লাবাদ ও রুপাতলী বাস টার্মিনাল থেকে সব রুটে বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়।