সরকারি প্রতিষ্ঠানে রমজান মাসে সকাল ৯টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত অফিস সময় নির্ধারণ করা হয়েছে। মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম গতকাল মন্ত্রিসভার বৈঠক শেষে এসব কথা জানান।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার ভার্চুয়াল বৈঠকে ‘হিজরি ১৪৪২ (২০২১ খ্রিস্টাব্দ) সালের পবিত্র রমজান মাসে সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য অফিস সময়সূচি নির্ধারণ’-এর পাশাপাশি অন্যান্য প্রস্তাবের অনুমোদন দেয়া হয়। ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে গণভবন থেকে প্রধানমন্ত্রী ও সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মন্ত্রীরা বৈঠকে যোগ দেন। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফ করেন।
চাঁদ দেখার উপর নির্ভর করে ১৪ বা ১৫ এপ্রিল থেকে শুরু হবে মুসলমানদের সিয়াম সাধনার মাস রমজান। মন্ত্রিপরিষদ সচিব বলেন, রমজানে সকাল ৯টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত অফিস চলবে। বেলা সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত জোহরের নামাজের বিরতি থাকবে। সাপ্তাহিক ছুটি থাকবে যথারীতি শুক্র ও শনিবার।

ব্যাংক, বীমা, আর্থিক প্রতিষ্ঠান, ডাক, রেলওয়ে, হাসপাতাল ও রাষ্ট্রায়ত্ত শিল্পপ্রতিষ্ঠান, কলকারখানা এবং অন্যান্য জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান এ সময়সূচির আওতার বাইরে থাকবে। এসব প্রতিষ্ঠান তাদের নিজস্ব আইন অনুযায়ী জনস্বার্থ বিবেচনা করে সময়সূচি নির্ধারণ ও অনুসরণ করবে। সুপ্রিম কোর্ট ও এর আওতাধীন সব আদালতের সময়সূচি সুপ্রিম কোর্ট নির্ধারণ করবে বলেও জানিয়েছেন তিনি।
মন্ত্রিসভার ভার্চুয়াল বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া বক্তব্য উদ্ধৃত করে মন্ত্রিপরিষদ সচিব বলেন, কভিড-১৯ টিকার দ্বিতীয় ডোজ ৮ এপ্রিল থেকে দেয়া শুরু হবে। দ্বিতীয় ডোজ নিয়ে সমস্যা হবে কি না, এমন প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের সঙ্গে কথা হয়েছে তার, সমস্যা হবে না। টিকা যা আছে, তা দিতে দিতেই আরো টিকা চলে আসবে।
পবিত্র রমজানে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়েও আলোচনা হয়েছে মন্ত্রিসভায়। মন্ত্রিপরিষদ সচিব বলেন, এ বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়েছে। ভোক্তা পর্যায়ে যাতে তেলের দাম কমে, সে বিষয়ে এনবিআর চিন্তা করছে।
এছাড়া বৈঠকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ আইন ২০২১-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন এবং বাংলাদেশে ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) আইনের খসড়ার নীতিগত অনুমোদন দেয়া হয়েছে।